Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পুর এলাকাকে   নির্মল রাখতে এবার   মাসে ৩০ টাকা ফি নেবে পুরসভা

পুর এলাকাকে   নির্মল রাখতে এবার   মাসে ৩০ টাকা ফি নেবে পুরসভা
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, উলুবেড়িয়া: পুর এলাকাকে নির্মল রাখতে কঠিন বর্জ্য নিষ্কাশন প্রকল্পে বছর খানেক আগে বাড়ি বাড়ি থেকে আর্বজনা সংগ্রহ শুরু করেছিল উলুবেড়িয়া পুরসভা। এবার এই বর্জ্য সংগ্রহের জন্য প্রতিটি বাড়ি থেকে প্রতি মাসে ৩০ টাকা করে ইউজেস ফি বা ব্যবহারিক খরচ নেওয়ার সিদ্ধান্ত নিল পুর কর্তৃপক্ষ। ইতিমধ্যেই পুরসভার পক্ষ থেকে এই ফি সংগ্রহের কাজ শুরু হয়েছে। অন্যদিকে, বাড়ি বাড়ি গিয়ে ফি সংগ্রহ নিয়ে নাগরিকদের একাংশের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এতদিন পর কেন পুরসভা এই ফি নিচ্ছে, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। যদিও পুর কর্তৃপক্ষের দাবি, ২০১৬ সালের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা আইন অনুযায়ী এই ফি নেওয়া হচ্ছে। 
Advertisement
৩২টি ওয়ার্ডকে নির্মল রাখতে একাধিক পদক্ষেপ নিয়েছে উলুবেড়িয়া পুরসভা। যার মধ্যে অন্যতম হল কঠিন বর্জ্য নিষ্কাশন প্রকল্প। এই প্রকল্প অনুযায়ী প্রতিদিন সকালে পুরসভার সাফাইকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে নির্দিষ্ট বালতিতে রাখা আর্বজনা সংগ্রহ করেন। দীর্ঘ কয়েক বছর নাগরিকদের কাছ থেকে এ বিষয়ে কোন ফি নেওয়া না হলেও জানুয়ারি মাস থেকে প্রতি মাসে ৩০ টাকা করে ব্যবহারিক খরচ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। উলুবেড়িয়া পুরসভা সূত্রে খবর, পুর এলাকাকে নির্মল রাখতে সরকারের পক্ষ থেকে একাধিক বিষয়ে জোর দেওয়া হয়েছে। সেইমতো পুরসভাকে সরকারি অনুদান দেওয়া হয়। পুর আধিকারিকদের বক্তব্য, এক্ষেত্রে ব্যবহারিক খরচ না নেওয়া হলে পুরসভা সরকারি অনুদান থেকে বঞ্চিত হবে। এব্যাপারে উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস বলেন, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল ও পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশে এই ব্যবহারিক খরচ নেওয়া হচ্ছে। আমাদের আশা, এই পুর এলাকাকে নির্মল রাখতে নাগরিকরা পুরসভার সঙ্গে সহযোগিতা করবেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ