সংবাদদাতা, সিউড়ি: মাটির অভাবে তৈরি করা যাচ্ছে না প্রতিমা। সমস্যা সমাধানে বিধায়কের দ্বারস্থ হয়েছেন মৃৎশিল্পীরা। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টাও হয়েছে। কয়েক মাস পরেই শুরু হচ্ছে উৎসবের মরশুম। কিন্তু মাটি না পাওয়ায় কপালে হাত সিউড়ির প্রতিমা নির্মাতাদের। সিউড়ির সাজিনা গ্রামের মৃৎশিল্পীরা কয়েকদিন আগে বিধায়কের কাছে গিয়েছিলেন। তাঁদের থেকে জানা গিয়েছে, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই মাটির সংকট তৈরি হয়েছে। প্রায় পাঁচমাস ধরে মাটি কার্যত পাওয়া যাচ্ছে না। যেটুকু মাটি পাওয়া যাচ্ছে তার দাম আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে কাজ বন্ধ হয়ে গিয়েছে। বিপাকে পড়েছেন শিল্পীরা। সাজিনা গ্রামের মৃৎশিল্পী রনজিৎ পাল, স্বান্তনা পাল বলেন, প্রতিমা তৈরির মাটি মূলত দক্ষিণ ২৪ পরগনা থেকে আসে। শুধু বীরভূম নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে মাটি যায় ওই জেলা থেকে। গঙ্গা সংলগ্ন ওই এলাকার মাটি বেশ ভালো। আগে এক ট্রাক্টর মাটির দাম প্রায় ২২ হাজার টাকা পড়ত। এখন যা বেড়ে তিনগুণ হয়েছে। কিন্তু তাও মাটি পাওয়া যাচ্ছে না। অত দাম দিয়ে মাটি কিনে আমরা লাভের মুখ দেখতে পাব না।



