Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নেতার গলায় রদবদলের সুর, ঘুম উবেছে ব্লক সভাপতিদের, নয়ে নয়, টার্গেট অভিষেকের

নয়ে নয়! সোমবার পুরুলিয়া জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকে জেলার ন’টি বিধানসভার মধ্যে ন’টিই জিততে হবে বলে টার্গেট বেঁধে দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নেতার গলায় রদবদলের সুর, ঘুম উবেছে ব্লক সভাপতিদের, নয়ে নয়, টার্গেট অভিষেকের
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: নয়ে নয়! সোমবার পুরুলিয়া জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকে জেলার ন’টি বিধানসভার মধ্যে ন’টিই জিততে হবে বলে টার্গেট বেঁধে দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে অভিষেকের বার্তা, দলের যেখানে যেখানে নিজেদের মধ্যে কোন্দল রয়েছে, তা দ্রুত মিটিয়ে সংগঠনের শক্তি বৃদ্ধি করতে হবে। সবাইকে একসঙ্গে চলতে হবে। নেতাদের মধ্যে কোনও মনোমালিন্য রাখা যাবে না। পাশাপাশি রদবদলের সুরও শোনা গিয়েছে দলের সেকেন্ড ইন কমান্ডের গলায়। অভিষেকের এই বার্তা জেলায় চাউর হতেই রাতের ঘুম উবেছে বহু ব্লক সভাপতির।

Advertisement

দলের নেতাদের পারফরম্যান্সকেই বরাবর গুরুত্ব দিয়ে আসেন অভিষেক। গত লোকসভা নির্বাচনে তিনি যখন পুরুলিয়া এসেছিলেন, তখনই দলীয় নেতৃত্বকে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে গিয়েছিলেন। ভোটে দলকে জেতাতে না পারলে পদ যাবে। তাঁর এই মন্তব্য যে কোনও কথার কথা নয়, তার প্রমাণ ইতিমধ্যেই দেখা গিয়েছে। গত চব্বিশের লোকসভায় পুরুলিয়া আসনে জিততে পারেনি তৃণমূল। জেলা সভাপতি পদ থেকে সরতে হয়েছে সৌমেন বেলথরিয়াকে। সরানো হয়েছে জেলা তৃণমূলের চেয়ারম্যান হংসেশ্বর মাহাতকেও। পারফরম্যান্সের ভিত্তিতে বুথ থেকে শুরু করে অঞ্চল ও ব্লক সভাপতি পদেও রদবদল হবে বলে তিনি জানিয়েছিলেন। তবে তা কার্যকর না হওয়ায় অনেকেই ভাবছিলেন, ভোটের কয়েকমাস আগে হয়তো আর কোনও পরিবর্তনের ঝুঁকি নেবে না দল! যদিও এদিনের বৈঠক থেকে পরিষ্কার, ব্লকস্তরে দলে রদবদল হচ্ছেই।  
কয়েক মাস আগেই অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস থেকে একটি দল এসেছিল জেলায়। প্রত্যেক ব্লকে ঘুরে ঘুরে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছে দলটি। সংগঠনের কোথায় কী খামতি রয়েছে, কোন কোন ব্লকে পরিবর্তনের প্রয়োজন, আগামী বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মানুষ কাকে চাইছেন, সেই রিপোর্টও দলটি সংগ্রহ করছে। দলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের তরফেও একটি রিপোর্ট রাজ্যে জমা পড়েছে। পাশাপাশি দলের জেলা শীর্ষ নেতৃত্বের তরফেও একটি রিপোর্ট নিয়েছে রাজ্য। বৈঠক সূত্রের খবর, সেই সমস্ত রিপোর্ট ধরে এদিন পর্যালোচনা হয়। বিশেষ করে তৃণমূলের ব্লক সভাপতি ও শাখা সংগঠনের (মহিলা, যুব ও শ্রমিক) ব্লকের সভাপতিদের রদবদলের বিষয়ে বিস্তর আলোচনা হয়। এদিনের বৈঠকে উপস্থিত জেলা সভাপতি, জেলার চেয়ারম্যান, মহিলা সভানেত্রী, শ্রমিক ও যুব সংগঠনের সভাপতিদের থেকেও অভিষেক মতামত জানতে চান। ব্লকের সভাপতি হিসেবে জেলার নেতারা কাকে চাইছেন, সেইসব নাম প্রস্তাব করেন। তবে, তাঁরা নির্দিষ্ট ওই নেতাকে কেন ব্লকের সভাপতি হিসেবে চাইছেন, তাও জানতে চান অভিষেক। অর্থাৎ, রদবদলের পিছনের যুক্তিও জেলার পদাধিকারীদের দিতে হয়। তাঁদের প্রস্তাবিত নামের পাশাপাশি অভিষেকের টিম ও দলের পরামর্শদাতা সংস্থার রিপোর্টও মিলিয়ে দেখা হয়। তবে, কোন কোন ব্লকে পরিবর্তন হতে পারে, সেব্যাপারে অবশ্য চূড়ান্ত কিছু জানাননি দলের সেকেন্ড ইন কমান্ড। বৈঠকে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, বৈঠকে উপস্থিত প্রত্যেককেই ব্লক সভাপতি পদে নাম প্রস্তাব করতে বলেন অভিষেক। প্রত্যেকের মতামতই তিনি মন দিয়ে শুনেছেন। তবে কোন কোন ব্লকে রদবদল হচ্ছে, সেব্যাপারে কিছুই বলেননি। আর এক নেতা বলেন, ন’টি বিধানসভার মধ্যে ন’টিতেই জয়ের টার্গেট অভিষেক বেঁধে দিয়েছেন। কোন্দল মিটিয়ে প্রত্যেককে একসঙ্গে চলার বার্তাও দিয়েছেন। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ