সংবাদদাতা, তারকেশ্বর: বুধবার তারকেশ্বর মন্দিরে পুজো দিলেন রিষড়ার বাসিন্দ বিএসএফ জওয়ান পূর্ণম সাউ। টানা ২১ দিন পাকিস্তানের হাতে বন্দি ছিলেন পূর্ণম। একাধিক ‘ফ্ল্যাগ মিটিং’-এর পর অটারী-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফেরেন বিএসএফ জওয়ান। পরিবারের দাবি, তারকনাথের প্রতি অটুট বিশ্বাস ছিল। পাকিস্তানে বন্দি থাকা অবস্থায় স্ত্রী রজনী সাউ মানত করেছিলেন, স্বামী ফিরে এলে একসঙ্গে তারকেশ্বর মন্দিরে পুজো দেবেন। তাঁর বিশ্বাস, তারকনাথের আশীর্বাদে ফিরে পেয়েছেন পূর্ণমকে। বাড়ি ফিরলেই মন্দিরে পুজো দেওয়ার পরিকল্পনা ছিল। সেই মতো এদিন মন্দিরে আসেন তাঁরা।
অন্যান্য পুণ্যার্থীদের মতোই মন্দিরের লাইনে দাঁড়িয়ে ছিলেন পূর্ণম ও তাঁর পরিবার। দেশের হয়ে লড়াই করা নায়ককে চিনতে পারেন মন্দিরের পুরোহিতরা। তাঁরা পূর্ণমদের লাইন থেকে বের করে এনে বিশেষভাবে পুজো দেওয়ার ব্যবস্থা করে দেন। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী রজনী, মা দেবন্তী সাউ, পুত্র আরব এবং আরও দুই আত্মীয়। ইতিমধ্যেই খবর ছড়িয়ে পড়ে মন্দির সহ পাশাপাশি এলাকায়। দেশের রিয়েল হিরোকে দেখতে ভিড় জমতে থাকে মন্দিরে। সকলের আব্দার মেটাতে কখনও সেলফি, কখনও করমর্দন করে সকলের মন জয় করে নেন তিনি। ভিড় নিয়ন্ত্রণ করতে নামতে হয় স্বেচ্ছাসেবক ও সিভিক ভলান্টিয়ারদের। পুজো দিয়ে পূর্ণম জানান, ছোটবেলায় প্রতিবছর শ্রাবণ মাসে তারকেশ্বর মন্দিরে জল নিয়ে আসতাম। তারকেশ্বর মন্দিরের প্রতি বিশ্বাস রয়েছে আমাদের পরিবারের। পাকিস্তানে বন্দি থাকার সময় আমার স্ত্রী ও মা তারকেশ্বর মন্দিরে পুজো দেওয়ার মানত করেছিল। আপনারা সকলে আমার সঙ্গে ছিলেন। এভাবেই সকলে একত্রিত থাকলে আমাদের ভারত মহান তা বারবার প্রমাণিত হবে। -নিজস্ব চিত্র