সংবাদদাতা, বাগডোগরা: হাত দিলেই খসে পড়ছে কংক্রিটের স্ল্যাব। নতুন স্ল্যাব ভেঙে দুর্ঘটনার কবলে পড়ল এক শিশু। ফলে নিম্নমানের কাজের অভিযোগ উঠল আপার বাগডোগরা প্রমোদনগরে। দীর্ঘদিন পর ওই এলাকায় পাকা নালা তৈরি হয়েছে। তার উপর বসানো হয়েছে স্ল্যাব। অভিযোগ, স্ল্যাব বসানোর দু’তিন দিন পর থেকেই বিভিন্ন জায়গায় বালি সিমেন্ট ঝুরঝুরিয়ে পড়ে রড বেরিয়ে আসছে। হাত দিলেই ঝুরঝুরে বালি উঠে আসছে কংক্রিটের স্ল্যাব থেকে। মঙ্গলবার এলাকার একটি শিশুর পা ঢুকে যায় ওই ড্রেনের স্ল্যাবে। এতে শিশুটি জখম হয়েছে। এনিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। অন্যদিকে, কাটমানি নিয়ে নিম্নমানের কাজ করা হয়েছে বলে অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি।
আশা নাগেশিয়া নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, সংশ্লিষ্ট ঠিকাদার নিজের খেয়াল খুশি মতো কাজ করছেন। দীর্ঘদিন পর এলাকায় নতুন নালা তৈরি হয়েছে। পর্যাপ্ত পরিমাণ সিমেন্ট, রড ও প্রয়োজনীয় সামগ্রী ব্যবহার করা হয়নি। যে কোনও সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কায় রয়েছেন গ্রামবাসীরা। বিজেপির আপার বাগডোগরা মণ্ডল সভাপতি সিদ্ধার্থ থাপা বলেন, কাটমানি নিয়ে গ্রাম পঞ্চায়েতের সমস্ত কাজ করা হচ্ছে। বিষয়টি বিডিও অফিসে জানিয়ে অবিলম্বে তদন্ত কমিটি গঠন করার দাবি জানিয়েছি।
এদিকে অভিযোগ পেয়ে বিষয়টি খতিয়ে দেখে সঠিকভাবে কাজ করার আশ্বাস দিয়েছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীব সিনহা। তিনি বলেন, গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় উন্নয়নের কাজ চলছে। ওই এলাকায় কংগ্রেসের পঞ্চায়েত সদস্য রয়েছে। ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলব। যদি নিম্নমানের কাজ হয়ে থাকে তাহলে কড়া পদক্ষেপ করা হবে। এদিকে স্থানীয় পঞ্চায়েত সদস্য নারায়ণ বিশাই বলেন, প্রথম দিকে কাজ ভালোভাবে হচ্ছিল। পরে বিভিন্ন জায়গায় কাজের মান খারাপ বের হয়েছে। পর্যাপ্ত পরিমাণ সিমেন্ট ব্যবহার করা হয়নি। কাজ চলাকালীন আমি একটি পুজো নিয়ে ব্যস্ত ছিলাম। সেই সময়ে সংশ্লিষ্ট ঠিকাদার কাজ করে চলে গিয়েছে। বিষয়টি উপর মহলে জানাব।