Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ঘুষ নিতে গিয়ে ধৃত ফরেনসিক বিভাগের কর্মী, তীব্র চাঞ্চল্য উত্তরবঙ্গ মেডিকেলে

ময়নাতদন্ত করাতে এবং তার রিপোর্ট পেতে টাকা দিতে হবে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে মর্গ কর্মীদের বিরুদ্ধে টাকা নিয়ে জুলুমবাজির এমন অভিযোগ দীর্ঘদিনের

ঘুষ নিতে গিয়ে ধৃত ফরেনসিক বিভাগের কর্মী, তীব্র চাঞ্চল্য উত্তরবঙ্গ মেডিকেলে
  • ৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, শিলিগুড়ি: ময়নাতদন্ত করাতে এবং তার রিপোর্ট পেতে টাকা দিতে হবে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে মর্গ কর্মীদের বিরুদ্ধে টাকা নিয়ে জুলুমবাজির এমন অভিযোগ দীর্ঘদিনের। এবার সেই অভিযোগেরই প্রমাণ মিলল হাতেনাতে। ময়নাতদন্তের ভিসেরা রিপোর্ট দেওয়ার জন্য তিন হাজার টাকা ঘুষ নিতে গিয়ে দুর্নীতি দমন শাখার হাতে ধরা পড়লেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের এক মর্গ ল্যাব অ্যাসিস্ট্যান্ট। বৃহস্পতিবারের এই ঘটনায় হাসপাতালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ধৃতের নাম বাবলু মল্লিক। 

Advertisement

মেডিকেল সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্তের ভিসেরা রিপোর্ট নেওয়ার জন্য শিলিগুড়ি মহকুমার এক পুলিশকর্মী ফরেনসিক বিভাগে বাবলু মল্লিকের সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগ, রিপোর্ট দেওয়ার জন্য প্রথমে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। পরে দর কষাকষির পর তিন হাজার টাকায় বিষয়টি চূড়ান্ত হয়। দুর্নীতি দমন শাখার পরিকল্পনা অনুযায়ী টাকা ওই কর্মীর হাতে তুলে দেওয়া হয়। টাকা নেওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে হাজির হন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা এবং তাঁকে হাতেনাতে ধরে ফেলেন। 
তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, ঘুষের টাকায় আগে বিশেষ রাসায়নিক দিয়ে চিহ্নিত করা হয়েছিল। টাকা নেওয়ার পর অভিযুক্তের হাতে সেই রাসায়নিক লেগে যায়। পরে নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে তার হাতে রাসায়নিকের উপস্থিতি নিশ্চিত করা হয়। ফলে ঘুষ নেওয়ার অভিযোগের প্রাথমিক প্রমাণও মেলে বলে তদন্তকারীদের দাবি। 
অভিযোগ, মর্গে ময়নাতদন্ত করানো, রিপোর্ট পাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষকে বিভিন্ন সময়ে হয়রানির মুখে পড়তে হয়েছে। টাকা না দিলে কাজ আটকে রাখার অভিযোগও উঠেছে। দীর্ঘদিন ধরে এমন অভিযোগ উঠলেও কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি বলে ক্ষোভ রয়েছে। 
এদিন ধৃতকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি ফরেনসিক বিভাগে তল্লাশি চালিয়ে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। 
হাসপাতালের সুপার ডাঃ কৌশিক ঈশোর জানান, কলকাতা থেকে দুর্নীতি দমন শাখার দল এসে মর্গের এক কর্মীকে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করেছে বলে তিনি খবর পেয়েছেন। আইন আইনের পথে চলবে। ফরেনসিক বিভাগের প্রধান ডাঃ রাজীব প্রসাদও ফোনে একই কথা বলেন। 
পুলিশ সূত্রে খবর, মাটিগাড়া থানায় মামলা দায়েরের পর আজ, শুক্রবার ধৃতকে আদালতে তোলা হবে। পরে ট্রানজিট রিমান্ডে তাকে কলকাতায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ