সংবাদদাতা, আলিপুরদুয়ার: হাটের নিকাশি নালা সংস্কার না হওয়ায় ক্ষুব্ধ আলিপুরদুয়ারের শিলবাড়ি হাটের ব্যবসায়ীরা। বর্ষার আগে নালা সংস্কার না হলে ব্যবসায়ীরা জেলা পরিষদকে খাজনা বন্ধ করে দেওয়ার কথাও ভাবছেন।
সংবাদদাতা, আলিপুরদুয়ার: হাটের নিকাশি নালা সংস্কার না হওয়ায় ক্ষুব্ধ আলিপুরদুয়ারের শিলবাড়ি হাটের ব্যবসায়ীরা। বর্ষার আগে নালা সংস্কার না হলে ব্যবসায়ীরা জেলা পরিষদকে খাজনা বন্ধ করে দেওয়ার কথাও ভাবছেন।
শিলবাড়ি হাটের ব্যবসায়ীদের অভিযোগ, দু’বছর ধরে হাটের নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। অল্প বৃষ্টিতেই নালা উপচে বৃষ্টির জল ঢুকে যায় দোকানঘরে। গত শুক্রবার বৃষ্টিতে নালা উপচে জল অনেক দোকানেই ঢুকে গিয়েছিল। এর ফলে সমস্যায় পড়তে হয়েছিল হাটে আসা ক্রেতা বিক্রেতা উভয়কেই।
শিলাবাড়ি হাট ব্যবসায়ী সমিতির সম্পাদক নিখিল পোদ্দার বলেন, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় নিকাশি নালাগুলি কার্যত বুজে গিয়েছে। ফলে অল্প বৃষ্টি হলেই আমরা আশঙ্কায় থাকি এই বুঝি নালা উপচে নোংরা জল দোকানঘরে ঢুকে যায়। নালা সংস্কারের জন্য বারবার জেলা পরিষদকে বলেও কোনও কাজ হচ্ছে না। তাই অনেকেই পরিষদকে খাজনা বন্ধ করে দেওয়ার কথা ভাবছেন।
হাটের ব্যবসায়ী স্থানীয় পঞ্চায়েত সদস্য উৎপল দত্ত বলেন, জেলা পরিষদকে একাধিকবার বলার পরেও কিছুতেই ওরা নালাগুলি সংস্কার করছে না। তাই বাধ্য হয়ে খাজনা বন্ধ করে দেওয়ার কথা ভাবতে হচ্ছে।
শিলবাড়ি হাটে সাতশোর কাছাকাছি স্থায়ী দোকানপাট আছে। শনিবার ও বুধবার সাপ্তাহিক হাটের দিন প্রচুর অস্থায়ী দোকান বসে। কিন্তু বর্তমানে শিলবাড়ি হাটের জ্বলন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে বুজে যাওয়া নিকাশি নালা। হাটে দু’টি হাইড্র্যান্ট সহ অলিগলিতে ছোট নালা আছে। বৃষ্টির সময় হাটের জমা জল এসব নালা দিয়ে স্থানীয় সঞ্জয় নদীতে গিয়ে পড়ে। কিন্তু সংস্কারের অভাবে নালাগুলি বুজে যাওয়ায় অল্প বৃষ্টির জলেই হাট নরককুণ্ডে পরিণত হচ্ছে।
গত শুক্রবারের অল্প বৃষ্টিতেই অনেক দোকানে জল ঢুকে গিয়েছিল। ফলে আসন্ন বর্ষার সময় কী হবে তা ভেবেই চিন্তিত হাটের ব্যবসায়ীরা। রতন সরকার, বিষ্ণু বর্মন, গৃহবধূ শ্রাবণী মোদক বলেন, বৃষ্টি হলে হাটে ঢোকা যায় না। জল-কাদায় সমস্যা হয়। জেলা পরিষদের উচিত নালাগুলি সংস্কার করা। তবেই জল আর দাঁড়াবে না।
যদিও জেলা পরিষদের স্থানীয় সদস্য সঞ্চিতা বর্মন অধিকারী বলেন, জেলা পরিষদে শিলবাড়ি হাটের নালা সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে। ফের বিষয়টি নজরে আনা হবে। - ফাইল চিত্র।