Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

আবগারি দপ্তরের পাশের এলাকা টিন দিয়ে ঘিরে পুকুর ভরাট চলছে

বারুইপুর-আমতলা যাওয়ার রাস্তায় আবগারি দপ্তরের পাশের এলাকা টিন দিয়ে ঘিরে ভিতরে পুকুর ভরাটের অভিযোগ উঠল। প্রশাসনের নাকের ডগায় রাতে সাদা বালি ফেলে ভরাটের কাজ চলছে।

আবগারি দপ্তরের পাশের এলাকা টিন দিয়ে ঘিরে পুকুর ভরাট চলছে
  • ৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: বারুইপুর-আমতলা যাওয়ার রাস্তায় আবগারি দপ্তরের পাশের এলাকা টিন দিয়ে ঘিরে ভিতরে পুকুর ভরাটের অভিযোগ উঠল। প্রশাসনের নাকের ডগায় রাতে সাদা বালি ফেলে ভরাটের কাজ চলছে। এই চিত্র বারুইপুরের হরিহরপুর পঞ্চায়েতের কেয়াতলা এলাকায়। যদিও বাড়ির মালিক এই প্রসঙ্গে কিছু বলতে চাননি। এই বিষয়ে হরিহরপুর পঞ্চায়েতের প্রধান কমল মিত্র বলেন, এটা শালি রেকর্ড জমি বলে জানি। পুকুর ভরাট হচ্ছে বলে জানা নেই। তবুও খতিয়ে দেখা হবে। রেকর্ডে পুকুর থাকলে কাজ বন্ধ করে দেওয়া হবে। 

Advertisement

রাস্তার ধারে বারুইপুর কলেজের গেটের পাশেই চলছে এই কাজ। এমনকী পুকুর ঢাকা দেওয়া ওই টিন বারুইপুর সার্কেলের আবগারি দপ্তরের অফিসের নীচের তলায় গ্যারাজ পর্যন্ত চলে গিয়েছে। যদিও এই বিষয়ে আবগারি দপ্তর থেকেও কেউ কথা বলতে চাননি। অভিযোগ, এই রাস্তার পাশে পিডব্লুডি-র দেওয়া গার্ডরেল ছিল। তা ভেঙে ফেলে সেখানে টিন লাগিয়ে দেওয়া হয়েছে। এলাকায় গিয়ে দেখা গেল, পুকুরের সামনের দিকের অংশ ইতিমধ্যেই সাদা বালি ফেলে ভরাট করা হয়ে গিয়েছে। এলাকার বাসিন্দারা বলেন, কয়েক দিন ধরেই এই কাজ চলছে। লরি করে সাদা বালি আনা হচ্ছে রাতে ও ভোরে। তারপরে তা দিয়ে পুকুরটি ভরাট করা হচ্ছে।
বাসিন্দারা আরও বলেন, এর আগেও কল্যাণপুর পঞ্চায়েত এলাকায় অনেক পুকুর ভরাট হয়েছে। পুকুর ভরাট করেই আবাসন, বালি-সিমেন্টের কারখানা গড়ে উঠেছে। প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়া হয়নি। এভাবে পুকুর ভরাট হলে নিকাশির সমস্যা বাড়বে। - নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ