নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তরবঙ্গের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে মাঠে নেমে পড়েছে বামেরা। সিপিএমের ছাত্র-যুব-চিকিত্সকদের সংগঠন পালা করে উত্তরবঙ্গে দৌড়চ্ছে ত্রাণ দেওয়ার জন্য। এবার পথে নামলেন বর্ষীয়ান বাম নেতা বিমান বসু। রবিবার সকাল থেকে কাশীপুর বেলগাছিয়া বিধানসভা এলাকার অলিগলিতে বাড়ির দরজায় পৌঁছে যান বামফ্রন্ট চেয়ারম্যান।
এদিন সকাল ১০টা নাগাদ ৩ নম্বর ওয়ার্ডের বীরপাড়া ও অরবিন্দ কলোনিতে পথচলতি মানুষ, গৃহস্থের কাছ থেকে ব্যনাত্রাণের অর্থ সংগ্রহ করেন বিমানবাবু। সঙ্গে ছিলেন জেলা নেতৃত্ব প্রতীপ দাশগুপ্ত এবং দলের অন্য নেতারা। বিমানবাবু সাংবাদিকদের বলেন, ‘১৯৬৮ সালে যখন জলপাইগুড়ি ভেসে গিয়েছিল। সেই সময়ও আমরা অর্থ, জামাকাপড় সংগ্রহের জন্য নেমেছিলাম। উত্তরবঙ্গের পাশে সবসময় কলকাতার মানুষ থাকেন। ত্রাণ নিয়ে রাজনীতি করা উচিত নয়।’ উত্তর কলকাতার মতোই দক্ষিণ শহরতলির গড়িয়া-কামালগাজি এলাকাতে ত্রাণ সংগ্রহে অংশ নেন সুজন চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা।
অন্যদিকে, এদিন যাদবপুরে ইন্দুমতী সভাগৃহে বামমনস্ক শিল্পী-বুদ্ধিজীবীরা ‘প্রকৃত বিকল্পের সন্ধানে’ একজোট হয়েছিলেন। বামেদের নেতৃত্বে বিকল্প সরকার তৈরিতে কে কীভাবে কাজ করতে পারে, সেই বিষয়ে আলোচনা হয়েছে। পবিত্র সরকার, কমলেশ্বর চক্রবর্তী, দেবদূত ঘোষ, রাহুল অরুণোদয়সহ অনেকে এই আলোচনায় উপস্থিত হন। বুদ্ধিজীবীদের এই আলোচনা সভায় ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং অন্য নেতারা।