Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অশোকনগরে দেহ উদ্ধারের ঘটনায় পূর্ব মেদিনীপুরে তদন্তে পুলিসের টিম

অশোকনগরে একটি মৃতদেহ উদ্ধারের পর কেটে গিয়েছে ২৪ ঘণ্টা। এখনও মৃতের পরিচয় জানতে পারেনি পুলিস। গলার নলি কাটা অবস্থায় দেহটি উদ্ধার হয়।

অশোকনগরে দেহ উদ্ধারের ঘটনায় পূর্ব মেদিনীপুরে তদন্তে পুলিসের টিম
  • ৬ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: অশোকনগরে একটি মৃতদেহ উদ্ধারের পর কেটে গিয়েছে ২৪ ঘণ্টা। এখনও মৃতের পরিচয় জানতে পারেনি পুলিস। গলার নলি কাটা অবস্থায় দেহটি উদ্ধার হয়। পুলিস তাই ওই ব্যক্তিকে খুনে ব্যবহৃত অস্ত্রের খোঁজ করতে ও কিছু সূত্র পাওয়ার জন্য মঙ্গলবার ঘটনাস্থলে পুলিস কুকুর নামিয়ে তদন্ত চালায়। যদিও তাতে কিছু লাভ হয়নি। এদিকে নিহতের পকেট থেকে নন্দীগ্রাম রুটের একটি বাসের টিকিট মিলেছিল। সেই সূত্র ধরে পূর্ব মেদিনীপুরে পুলিসের একটি টিম পাঠিয়েছেন পুলিস সুপার। জানা গিয়েছে, সোমবার অশোকনগরের ভুরকুণ্ডা পঞ্চায়েতের বজরুকদিঘা মোড় সংলগ্ন এলাকা থেকে গলার নলি কাটা এক মাঝবয়সির দেহ উদ্ধার হয়। মৃতদেহ ময়নাতদন্তের পাঠানোর পর ওই ব্যক্তির নাম পরিচয় জানতে তদন্ত শুরু করে পুলিস। এই জেলা সহ ভিন জেলার বিভিন্ন থানায় যোগাযোগ করে মিসিং ডায়েরির সূত্র ধরে নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করেছেন তদন্তকারীরা। তবে এখনও হদিশ মেলেনি। মৃতের পরনে ছিল সাদা পাঞ্জাবি ও লুঙ্গি। পাঞ্জাবির পকেট থেকে নন্দীগ্রাম রুটের বাসের টিকিট পেয়েছে পুলিস। সেই সূত্র ধরে মেদিনীপুর জেলার বিভিন্ন থানার সঙ্গে যোগাযোগ করেও লাভ হয়নি। এনিয়ে বারাসত পুলিস জেলার সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া বলেন, তদন্তের জন্য এদিন পুলিস কুকুর নামানো হয়েছিল। কিন্তু কিছু পাওয়া যায়নি। পকেট থেকে উদ্ধার হওয়া টিকিটের সূত্রে পূর্ব মেদিনীপুর জেলার পুলিস কর্তার সঙ্গে কথা হয়েছে। গত ২-৩ দিনের মধ্যে জেলার থানাগুলির নিখোঁজের তথ্য জানার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি অশোকনগর থানার পুলিসের টিমকে পাঠানো হয়েছে পূর্ব মেদিনীপুরে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ