নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজো পাস দুর্নীতিতে এবার মন্ত্রী-জায়াকে তলব লালবাজারের। প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেনের স্ত্রী মধুছন্দা সেনকেও জেরা করতে চান লালবাজারের গোয়েন্দারা। যদিও তিনি আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছেন। একইসঙ্গে, কলকাতা পুলিশকে মন্ত্রী-জায়া জানিয়েছেন, তিনি বাইরে রয়েছেন।
কয়েকদিন পর তিনি নিজেই পুলিশের সঙ্গে যোগাযোগ করবেন। উল্লেখ্য, মাস আর্টের উদ্যোগকারী সংস্থার সঙ্গে তিনিও জড়িত বলে অভিযোগ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, সংস্থার সঙ্গে যে সমস্ত পুজো উদ্যোক্তারা যুক্ত ছিল তাঁদের সঙ্গে আর্থিক চুক্তি করা হত। কিন্তু, অভিযোগ, সেই চুক্তি মতো টাকা দেওয়া হত না পুজো কমিটিগুলিকে। তাদের বলা হত, সরকার আর টাকা দিতে পারবে না। চুক্তি থাকলেও কেন দেওয়া হত না পুরো টাকা? তা জানতেই ইন্দ্রনীল সেনের স্ত্রীকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করতে চায় অ্যান্টি রাউডি শাখা ও ইকনোমিক অফেন্সেস উইং।



