Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হিন্দুত্বের কার্ড ও নাগরিকত্ব দেওয়ার নামে টাকা আদায়, কাকদ্বীপে ক্যাম্প তুলে দিল পুলিশ

হিন্দুত্বের কার্ড সহ নাগরিকত্ব পাইয়ে দেওয়ার নাম করে ৪৬০ টাকা করে নেওয়া হচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে।

হিন্দুত্বের কার্ড ও নাগরিকত্ব দেওয়ার নামে টাকা আদায়, কাকদ্বীপে ক্যাম্প তুলে দিল পুলিশ
  • ১৩ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: হিন্দুত্বের কার্ড সহ নাগরিকত্ব পাইয়ে দেওয়ার নাম করে ৪৬০ টাকা করে নেওয়া হচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে। এমনকি, টাকা নেওয়ার পর কোনও রশিদও দেওয়া হচ্ছে না। জানা গিয়েছে, কাকদ্বীপের বাসন্তী ময়দানে গত কয়েকদিন ধরে দু’টি ঘর ভাড়া নিয়ে একটি ক্যাম্প খোলা হয়েছে। ওই ক্যাম্পে নরেন্দ্র মোদির ছবি সহ একটি ফ্লেক্স লাগানো রয়েছে। তা দেখেই সাধারণ মানুষ আবেদনপত্র জমা করার জন্য ভিড় জমিয়েছেন। তবে বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশের পক্ষ থেকে ক্যাম্পটি বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ যখন ওই ঘটনাস্থলে যায়, তখন ক্যাম্পে কেউ উপস্থিত ছিল না। তাই কাউকে আটক করা যায়নি। কিন্তু ওই ক্যাম্প কারা খুলেছে, তা গ্রামবাসীরা কেউই বলতে পারছেন না। তৃণমূলের অভিযোগ, বিজেপির স্থানীয় নেতৃত্বের যোগ না থাকলে এমন ক্যাম্প খোলা সম্ভব নয়। 

Advertisement

আবেদনকারী প্রবীর দাস এ বিষয়ে বলেন, ‘অন্যের মুখ থেকে শুনেছি, এখানে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্য আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। এছাড়াও একটি হিন্দু পরিচয়পত্র বানিয়ে দেওয়া হচ্ছে। বিষয়টি জানার পর ওই ক্যাম্পে গিয়ে আবেদনপত্র জমা দিয়েছি। আমার থেকে ৪৬০ টাকা নেওয়া হয়েছে। কিন্তু তারা কোনও রশিদ দেয়নি। ক্যাম্পে বসে থাকা এক মহিলা মোবাইল নম্বর লিখে নিয়েছেন। তিনি ১৫ দিন পর ফোন করে ডেকে নেবেন বলে জানিয়েছেন। তবে এই লোকজন কারা এবং কোথা থেকে এসেছেন, এ বিষয়ে জানা নেই।’
মথুরাপুরের সাংসদ বাপি হালদার বলেন, ‘ভারতীয় নাগরিকত্ব ও হিন্দুত্বের পরিচয়পত্র বানিয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়া হচ্ছিল। ওই ক্যাম্পের ভিতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি দেওয়া একটি ফ্লেক্স ছিল। যারা এই কাজ করছিল, তারা কে তা এখনও পর্যন্ত তা জানা যায়নি। তবে স্থানীয় বিজেপি নেতৃত্বের সহযোগিতা না থাকলে এমন ক্যাম্প করা সম্ভব নয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। আপাতত ক্যাম্পটি বন্ধ করে দেওয়া হয়েছে।’ বিজেপি নেতা অশোক পুরকাইত বলেন, ‘হিন্দুত্বের কার্ড করে দেওয়ার ক্ষমতা বিজেপির নেই। বিজেপি এমন কাজ করে না। সিএএ’র আবেদনপত্র পূরণে সহায়তা করার জন্য হয়তো কোথাও ক্যাম্প হয়ে থাকতে পারে। কিন্তু তার জন্য টাকা নেওয়া যায় না। পার্টি থেকে এমন কোনও নির্দেশ দেওয়া হয়নি। তবে ওখানকার বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে দেখতে হবে।’  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ