Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জয়নগরে রাস্তায় যত্রতত্র গাড়ির স্ট্যান্ড, বেআইনি পার্কিং সত্ত্বেও নীরব পুলিস

জয়নগরে রাস্তায় যত্রতত্র গাড়ির স্ট্যান্ড, বেআইনি পার্কিং সত্ত্বেও নীরব পুলিস
  • ৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: রাস্তার দু’ধারে একের পর এক গাড়ি পার্ক করার জায়গা গজিয়ে উঠেছে জয়নগর-মজিলপুর শহরে। অটো, টোটো, ট্রেকার, বাস সবই সেখানে দাঁড়ায়। রাজপথ কুলপি রোড শুধু নয়, অলিগলিতেও হয়ে গিয়েছে অটো ও টোটো স্ট্যান্ড। পাশাপাশি রাস্তার পাশে যে যার মত বাইক রেখে চলে যাচ্ছেন। বেআইনি পার্কিংও চলছে রমরমিয়ে। পুলিস সমস্যার সমাধান খুঁজতে বৈঠক করেছিল। কিন্তু তারপরও কোনও কাজ হয়নি। প্রতিদিন যানজট। মানুষ তিতিবিরক্ত। সব জেনেও পুলিস ও প্রশাসন চুপ বলে অভিযোগ। এই যন্ত্রণা কবে মিটবে? প্রশ্ন ক্ষুব্ধ বাসিন্দাদের। জয়নগর-মজিলপুর পুরসভার চেয়ারম্যান সুকুমার হালদার বলেন, ‘খুবই সমস্যা। বারবার গাড়ি চালকদের বলা হলেও কাজ হয়নি। স্ট্যান্ড অন্যত্র সরানোর চেষ্টা চলছে।’ বারুইপুর পুলিস জেলার এক আধিকারিক বলেন, বিষয়টি দেখা হবে। অভিযোগ, জয়নগর স্টেশন রোডের অবস্থা সবথেকে খারাপ। মুলদিয়া বা থানার দিকে যত এগনো যাবে চোখে পড়বে, রাস্তার দু’ধারে অটো-টোটো দাঁড়িয়ে। কুলতলির জামতলা, মৈপীঠ যাওয়ার বাসও দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে একাধিক ট্রেকার। রাস্তা দিয়ে ঠিকমতো হাঁটাচলা করা যায় না। রথতলা, থানার মোড়, গঞ্জের মোড় সব জায়গায় একই অবস্থা। 

Advertisement

জ্যামজটের কারণে স্টেশনে সঠিক সময় ট্রেন ধরতে পারে না মানুষ। ট্রেন স্টেশনে ঢোকার সঙ্গে সঙ্গে যাত্রী নেওয়ার জন্য অটো, টোটো ও বাসের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, কোনও গাড়ি চালকই নিয়ম মানেন না। মাঝ রাস্তার উপর গাড়ি দাঁড় করিয়ে যাত্রী তোলেন। মাঝ রাস্তাতেই গাড়ি পার্ক করা হয়। শাসকদলের স্থানীয় নেতারা এই কাজে মদত দেন। সিভিক ভলান্টিয়াররা যানজট নিয়ন্ত্রণ করেন। তাঁরা ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারেন না। অশোক ঘোষ নামে এক প্রবীণ বাসিন্দা বলেন, ‘শুধু মেন রাস্তা? অলিগলিতে স্কুল যাওয়ার রাস্তায় পর্যন্ত গাড়ি দাঁড়িয়ে থাকে। পুরসভার সামনেও এই অবস্থা। সবাই দেখেন তাও নীরব রয়েছেন। আর ফল ভোগ করছে সাধারণ মানুষ।’ -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ