সংবাদদাতা, ইসলামপুর: ইসলামপুরে নদী থেকে কার্তুজ উদ্ধার কাণ্ডে এখনও রহস্য থেকেই গেল। বুধবার সকালে ফের নদীর জলে নেমে কার্তুজ খোঁজাখুঁজি করল পুলিস। যদিও এদিন কিছুই পাওয়া যায়নি বলে পুলিস জানিয়েছে। সোম ও মঙ্গলবার উদ্ধার হওয়া ২৫ টি কার্তুজ কী ধরনের আগ্নেয়াস্ত্রে ব্যবহার করা হয়? জলের তলায় থাকায় কার্তুজ ব্যবহারযোগ্য আছে কি না? নদীতে কার্তুজ এল কোথা থেকে? এমন একাধিক প্রশ্নের উত্তর খুঁজতে পুলিস তদন্ত শুরু করেছে। ইসলামপুর পুলিস জেলার এসপি জবি থমাস বলেন,আমরা একটি সুনির্দিষ্ট মামলা চালু করেছি। উদ্ধার হওয়া কার্তুজগুলি বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে। তাঁরা পরীক্ষা-নিরীক্ষা করে মতামত জানাবেন। তাঁদের দেওয়া তথ্য হাতে পেলেই বলা সম্ভব কার্তুজগুলি কোন ধরনের আগ্নেয়াস্ত্রে ব্যবহার করা হয়। সোমবার বিকেলে ক্রিকেট খেলার পর ইসলামপুরের পূর্ববস্তি খবরগাঁ এলাকায় একদল কিশোর দোলঞ্চা নদীতে স্নান করতে নামে। তখনই এক কিশোরের হাতে আসে একটি কার্তুজ। সেটিকে খেলনা ভেবে অন্য বন্ধুদের দেখায় ওই কিশোর। তারাও নদীতে ঝাঁপিয়ে পড়ে। খোঁজাখুঁজি করতেই সকলের হাতে একটি-দুটি করে কার্তুজ উঠে আসে। তা দিয়ে খেলা করে বাড়ি ফিরে যায়। পরের দিন মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়। পুলিস এলাকায় গিয়ে কিশোরদের কাছ থেকে কার্তুজ উদ্ধার করে। পুলিস জানিয়েছে মোট ২৫টি কার্তুজ উদ্ধার হয়েছে। ঘটনায় এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। বুধবার সকালে পুলিসের একটি দল ফের দোলঞ্চা নদীতে তল্লাশি চালায়। কিন্তু এদিন কার্তুজ পাওয়া যায়নি।



