Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

খোয়া যাওয়া আড়াই কোটি প্রতারিতকে ফেরাল পুলিস

খোয়া যাওয়া আড়াই কোটি প্রতারিতকে ফেরাল পুলিস
  • ৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ভুয়ো অনলাইন সংস্থায় বিনিয়োগ করে ২ কোটি ৫৫ লক্ষ ৪২৭ টাকা খুইয়েছিলেন। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে বারুইপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেছিলেন নরেন্দ্রপুরের বাসিন্দা অমিতকুমার কুণ্ডু। অভিযোগ দায়েরর দু’মাসের মাথায় খোয়া যাওয়া সব টাকা প্রতারিতকে ফিরিয়ে দিল বারুইপুর পুলিস জেলা। বুধবার সাংবাদিক বৈঠক করে জেলার পুলিস সুপার পলাশচন্দ্র ঢালি বলেন, ‘৩১শে জানুয়ারি আমরা অভিযোগ পেয়েছিলাম। বিভিন্ন প্রযুক্তি ও সূত্র কাজে লাগিয়ে প্রতারণার মাস্টারমাইন্ডকে চিহ্নিত করা হয়েছে। অভিযোগকারী খোয়া যাওয়া সব টাকাই ফিরে পেয়েছেন।’ এই টাকা উদ্ধার বারুইপুর পুলিস জেলার ইতিহাসে একটি রেকর্ড বলে দাবি পদস্থ কর্তাদের।

Advertisement

জানা গিয়েছে, গত বছর সেপ্টেম্বর মাসে অনলাইনে একটি ইনভেস্টমেন্ট ওয়েবসাইটের খোঁজ পেয়ে ধাপে ধাপে টাকা বিনিয়োগ করতে শুরু করেছিলেন অমিতবাবু। পাঁচ মাস ধরে টাকা জমা করেন সেখানে। ওয়েবসাইটে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, চড়া সুদে বিপুল পরিমাণ টাকা ফেরত পাওয়ার কথা ছিল অমিতবাবুর। কিন্তু কোনও কারণে সন্দেহ হওয়ায় তিনি বিনিয়োগ করা সব টাকা তুলে নেওয়ার চেষ্টা করেন। তা সম্ভব না হওয়ায় সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন তিনি। তদন্তে নেমে প্রথমে ৫৫ লক্ষ টাকা উদ্ধার করে পুলিস। পর্যায়ক্রমে গুজরাতের আমেদাবাদে একটি প্রতারণা চক্রের হদিস পান তদন্তকারীরা। সেই চক্রের মাথা হল কে পিন। ওই রাজ্যে হানা দেন বারুইপুরের সাইবার ক্রাইম থানার অফিসাররা। কিন্তু সেখানে গিয়ে তাঁরা জানতে পারেন, মূল মাথা পুনেতে একটি প্রতারণার ঘটনায় গ্রেপ্তার হয়ে গিয়েছে। এরপর সেখানকার পুলিসের সাহায্য নিয়ে কে পিনকে জিজ্ঞাসাবাদ করে বাকি টাকা উদ্ধার করে পুলিস। সম্পূর্ণ টাকা ফেরত পেয়ে দৃশ্যতই খুশি অমিতবাবু।

Advertisement
সম্পর্কিত সংবাদ