• প্রেক্ষাগৃহে মুক্তির পরই ছবি ছড়িয়ে দেওয়া হয় অনলাইনে। এমন ভুয়ো অনলাইন লিঙ্কের বিরুদ্ধে কেন্দ্রের তরফে বহুবার ব্যবস্থা নেওয়া হয়েছে। তবুও এই বেআইনি কার্যকলাপের বাড়বাড়ন্ত কমেনি। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ভিকি কৌশল অভিনীত ‘ছাভা’র ক্ষেত্রেও এমনটা ঘটেছে। বক্স অফিসে এই ছবির বিজয়রথ ছুটছে। এই আবহেও নির্মাতাদের কপালে ভাঁজ ফেলেছে এমন ভুয়ো অনলাইন লিঙ্ক। কারণ এর প্রভাব পড়ে বক্স অফিসেও। এবার সেগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিল মুম্বই পুলিস। একাধিক ডিজিটাল প্ল্যাটফর্মে বেআইনিভাবে ‘ছাভা’ ছড়ানোর অভিযোগে প্রায় ১ হাজার ৮১৮টি লিঙ্কের বিরুদ্ধে মামলা দায়ের হল। বেআইনিভাবে ছবি ছড়ানো (পাইরেসি) রুখতে একটি সংস্থাকে নিয়োগ করেছিল ‘ছাভা’র প্রযোজনা সংস্থা ম্যাডক ফিল্মস। সেই সংস্থার সিইও’র অভিযোগের ভিত্তিতেই এই মামলা দায়ের করল মুম্বই পুলিস।



