Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

চোলাইয়ের মজুত ভাণ্ডারে হানা পুলিসের, বাজেয়াপ্ত ১০০ লিটার

চোলাইয়ের মজুত ভাণ্ডারে হানা পুলিসের, বাজেয়াপ্ত ১০০ লিটার
  • ২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: জগৎবল্লভপুর জুড়ে চোলাইয়ের রমরমা কারবার। এ ঘটনা অবশ্য নতুন কিছু নয়। চোলাই বিক্রি, পাচার রুখতে লাগাতার অভিযান চালায় পুলিস ও আবগারি দপ্তর। তবে এবার চোলাই পাচারের বড় মাথাদের ধরতে নদীপথে নিজেরাই নৌকো নিয়ে গোপন ডেরায় হানা দিল পুলিস। কারবারিরা পালিয়ে যেতে সক্ষম হলেও সেখান থেকে বাজেয়াপ্ত হয়েছে ১০০ লিটার চোলাই। গত শুক্রবার ভোররাতে জগৎবল্লভপুরের সিদ্ধেশ্বর এলাকায় এই অভিযান চালায় পুলিস। পুলিসের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন জগৎবল্লভপুরের বাসিন্দারা।

Advertisement

দীর্ঘদিন ধরেই কলকাতা ও শহরতলিতে চোলাই সাপ্লাইয়ের ক্ষেত্রে হাওড়ার জগৎবল্লভপুর হয়ে উঠেছে অন্যতম ‘ট্রানজিট রুট’। কখনও শববাহী গাড়িতে, কখনও আবার পিকনিক পার্টি সেজে চোলাই পাচারের নানা পন্থা অবলম্বন করে পাচারকারীরা। মূলত হুগলি থেকে কলকাতায় চোলাই পাচারের আগে তা আসে জগৎবল্লভপুরের বিভিন্ন গোপন ডেরায়। ডিস্ট্রিবিউশন হয় এখান থেকেই। তবে গত দেড় বছর ধরে চোলাই কারবারিদের দৌরাত্ম্য রুখতে জগৎবল্লভপুর সহ গ্রামীণ হাওড়ায় পুলিস ও আবগারি দপ্তরের ধরপাকড় নিয়মিত চলছে। এই অভিযানে বিভিন্ন ছোট-বড় ঠেক ভেঙে ফেলা সম্ভব হলেও চোলাইয়ের মজুত ভাণ্ডারের হদিশ পাওয়া বেশ চ্যালেঞ্জিং হয়ে ওঠে পুলিসের কাছে। সম্প্রতি চোলাই কারবারের সঙ্গে যুক্ত দুই চক্রীকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নেয় জগৎবল্লভপুর থানার পুলিস। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিস জানতে পারে, নজরদারি এড়াতে স্থলপথের বদলে এবার জলপথকে বেছে নিয়েছে তারা। অন্ধকার নামার পর নৌকোয় করে সিদ্ধেশ্বর এলাকার চোলাই নিয়ে এসে একটি গোপন ডেরায় রাখা হয়। এরপরই জলপথে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় জগৎবল্লভপুর থানা। পুলিস সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার ভোররাতে রাজাপুর খাল দিয়ে নৌকা চালিয়ে সিদ্ধেশ্বরে হানা দেয় জগৎবল্লভপুর থানার পুলিসের একটি দল। ডেরায় পৌঁছতেই হদিশ মেলে মজুত চোলাইয়ের। সব মিলিয়ে প্রায় ১০০ লিটার চোলাই উদ্ধার হয়েছে। মিলেছে অসংখ্য পাউচ। তবে পুলিসের উপস্থিতি আঁচ করে আগেই চম্পট দেয় অভিযুক্তরা। চোলাই বাজেয়াপ্ত করার পর কয়েকজন কারবারির বাড়িতেও অভিযান চালায় পুলিস। তবে সেখানে তাদের পাওয়া যায়নি। হাওড়া গ্রামীণ পুলিসের এক আধিকারিক বলেন, ‘জগৎবল্লভপুরে চোলাই মদ তৈরি হয় না। তবে বিভিন্ন জায়গায় পাচারের আগে এখানে এনে মজুত করা হয়। এক্ষেত্রেও তাই হয়েছিল। দ্রুত অভিযুক্তদের জালে তোলা হবে।’ ইতিপূর্বে চোলাইয়ের ঠেকে পুলিসি অভিযান বহুবার হলেও নিজেরাই নৌকো চালিয়ে হানা দেওয়ার ঘটনা এই প্রথম। 

Advertisement
সম্পর্কিত সংবাদ