নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাতে কলকাতার রাজপথে পুলিশের উপস্থিতি জানান দিতে এবার বিশেষ উদ্যোগ নিল লালবাজার। এখন থেকে রাতে কলকাতা পুলিশের সমস্ত টহলদারি ভ্যানে ‘ব্লিঙ্কার্স’ বা নীলবাতি সর্বদা জ্বালিয়ে রাখতে হবে। রাতের বেলা রাস্তায় থাকা জনতা যাতে সহজে পুলিশের উপস্থিতি লক্ষ্য করে ভরসা পায়, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। বৃহস্পতিবার কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) মিরাজ খালিদ এ সংক্রান্ত একটি লিখিত নির্দেশিকা জারি করেছেন।
উল্লেখ্য, রাতে কলকাতা শহরে রেডিয়ো ফ্লাইং স্কোয়াড, হেভি রেডিয়ো ফ্লাইং স্কোয়াডের পাশাপাশি পিসিআর ভ্যান, শক্তি ভ্যান টহল দিয়ে থাকে। এর মধ্যে পিসিআর এবং শক্তি ভ্যানের মাথায় নীলবাতি বা ‘ব্লিঙ্কার্স’ রয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই এই ‘ব্লিঙ্কার্স’ বন্ধ রাখা হয়। এখন থেকে টহলদারি ভ্যানে সেটাই জ্বালিয়ে রাখতে হবে বলে নির্দেশ দিয়েছে লালবাজার। শ্যামবাজার পাঁচমাথা মোড়, ডোরিনা ক্রসিং, পার্ক সার্কাস সাত মাথা মোড়, রুবি মোড়, যাদবপুর এইট বি, গড়িয়াহাট, হাজরা মোড়, মানিকতলা মোড়ের মতো গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে কলকাতা পুলিশের এই পিসিআর ও শক্তি ভ্যান মোতায়েন থাকে। ১৫০ বছরের প্রাচীন কলকাতা পুলিশের সিপি হিসেবে দায়িত্ব নেওয়ার পর সুপ্রতিম সরকার প্রথম মিটিংয়েই দিনের ব্যস্ত সময়ে রাস্তায় পুলিশকর্মীদের উপস্থিতি বাড়ানোর বার্তা দিয়েছিলেন। রাতে শহরবাসীকে অভয় দিতে পুলিশের উপস্থিতি জানান দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হল।
এদিকে, আজ শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কলকাতায় ‘অন রোড পুলিশিং’-এর নির্দেশ দিয়েছে লালবাজার। শীর্ষকর্তাদের নজরদারিতে পথে নেমে থানা, ট্রাফিক গার্ডের পুলিশ অফিসাররা নজরদারি চালানোর পাশাপাশি পথচলতি জনতাকে নানাভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।