Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

হবিবপুরের সীমান্তবর্তী শ্রীরামপুরে এবার তৈরি করা হবে পুলিস ফাঁড়ি

ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় পাচারকারী, দুষ্কৃতীদের দৌরাত্ম্য বাড়ছে। এলাকার আইনশৃঙ্খলা রক্ষার জন্য শ্রীরামপুর এলাকায় একটি পুলিস ফাঁড়ি স্থাপনের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা।

হবিবপুরের সীমান্তবর্তী শ্রীরামপুরে  এবার তৈরি করা হবে পুলিস ফাঁড়ি
  • ১২ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হবিবপুর: ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় পাচারকারী, দুষ্কৃতীদের দৌরাত্ম্য বাড়ছে। এলাকার আইনশৃঙ্খলা রক্ষার জন্য শ্রীরামপুর এলাকায় একটি পুলিস ফাঁড়ি স্থাপনের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার হবিবপুর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় দেড় বিঘা জায়গা মেপে চিহ্নিত করে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। হবিবপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কা আধিকারিক স্বপন তরফদার বলেন, শীঘ্রই জমিটি পুলিসের হাতে তুলে দিতেই মাপজোখ করা হচ্ছে। সিঙ্গাবাদ স্ট্যান্ড এলাকায় রাস্তার ধারে থাকা আট কাঠা সরকারি জায়গাও উদ্ধার করা হয়েছে। জমিটি অন্য কেউ দখলের চেষ্টা করছিল। এদিন মাপজোখের সময় স্বপনবাবু ছাড়াও হবিবপুর থানার আইসি শোভন কর্মকার, শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত প্রধান পাণ্ডব সিংহ সহ অন্যান্য সরকারি আধিকারিকরা। এক সময় শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের পাশে পুলিস ক্যাম্প ছিল। ১০ বছর ধরে তা বন্ধ। এই সুযোগে এলাকার অনেকে জায়গাটিতে চাষবাসও শুরু করেছিলেন। প্রশাসন এসে সিমেন্টের খুঁটি পুঁতে সেই জায়গা চিহ্নিত করে গিয়েছে। শীঘ্রই সেখানে পুলিস ফাঁড়ি তৈরি হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। যদিও এবিষয়ে এখনই কিছু বলতে চায়নি হবিবপুর থানার পুলিস।

Advertisement

স্থানীয় বাসিন্দারা জানান, মাঝেমধ্যেই সীমান্তের ওপার থেকে বাংলাদেশি ও ভারতের দিক থেকে অবৈধ পাচারকারীদের দৌরাত্ম্যের ঘটনা ঘটে। সীমান্তে বিএসএফদের হাতে তারা ধরাও পড়ে। অনেক সময় তারা বিএসএফের উপরেও চড়াও হয়। সীমান্ত এলাকায় কড়া নজরদারির পাশাপাশি গ্রামে পুলিসের নজরদারির বিশেষ প্রয়োজন রয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ