সংবাদদাতা, শিলিগুড়ি: শহরের ট্রাফিক নিয়ন্ত্রণে এবার পড়ুয়াদের পরামর্শ চাইল শিলিগুড়ি পুলিস। মঙ্গলবার ট্রাফিক নিরাপত্তা সপ্তাহ পালন অনুষ্ঠানে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিস কমিশনার সি সুধাকর এই আহ্বান জানিয়েছেন। এধরনের প্রস্তাব থেকে প্রতি মাসের সেরা প্রস্তাব প্রেরককে বিশেষ সম্মান জানানো হবে বলে জানান পুলিস কমিশনার।
এদিন অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে পুলিস কমিশনার বলেন, ছাত্রছাত্রীরা ভবিষ্যৎ। এখন থেকেই যদি তারা ট্রাফিক আইন সম্পর্কে সচেতন হয়, তাহলে ভবিষ্যতে ট্রাফিক নিয়ম মেনে স্কুটার, বাইক গাড়ি চালাবে। রাস্তায় চলবে। পাশাপাশি, পরিবারের সদস্যদেরও ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য উদ্বুদ্ধ করবে এই পড়ুয়ারা। শহরের বিভিন্ন রাস্তায় ট্রাফিক ব্যবস্থাকে আরও উন্নত করতে কী কী করা প্রয়োজন, সে বিষয়ে তাঁদের ভালো পর্যবেক্ষণ থাকতে পারে। সাধারণ মানুষের সচেতনতা ছাড়া ট্রাফিক ব্যবস্থা উন্নত করা সম্ভব নয়।
এদিন শিলিগুড়ির এয়ারভিউ মোড়ে পানিট্যাঙ্কি ট্রাফিক গার্ডের পরিচালনায় ট্রাফিক নিরাপত্তা সপ্তাহ পালন করা হয়। শিলিগুড়ির মেয়র গৌতম দেব তরুণ প্রজন্মকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন হওয়ার আবেদন জানান। বলেন, অনেকেই হেলমেট না পরে বেপরোয়াভাবে স্কুটার, বাইক চালায়। এটা ঠিক নয়। নিজেদের জীবনের কথা ভেবে হেলমেট পরে নিরাপদ গতিতে গাড়ি চালানো উচিত।
পুলিস কমিশনার বলেন, হেলমেট পরে বাইক, স্কুটার চালানোর জন্য পুলিস অভিযান চালালে অনেকেই অযথা হয়রানির অভিযোগ তোলেন। প্রত্যেকের হেলমেট ব্যবহার করা উচিত। শুধু চালক নয়, আরোহীদেরও হেলমেট পড়তে হবে।
এদিনের অনুষ্ঠানে ট্রাফিক সচেতনতার উপর শোভাযাত্রা বের করা হয়। গাড়ি দাঁড় করিয়ে সচেতনতামূলক স্টিকারও দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা শাসক অবোধ সিংহাল, এসজেডিএ-র চেয়ারম্যান দিলীপ দুগ্গর এবং মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (ট্রাফিক) বিশ্বচাঁদ ঠাকুর।