নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: রেস্তরাঁর সামনে বেলেল্লাপনা করছিলেন এক তরুণী এবং চারজন যুবক। বিরক্ত হচ্ছিলেন অন্যান্য অতিথিরা। সেখানে খাবার খাচ্ছিলেন কলকাতা পুলিসের এক আধিকারিকও। তিনি পরিস্থিতি দেখে তাঁদের শান্ত হতে বলেছিলেন। কিন্তু, কে কার কথা শোনে! উল্টে, ওই আধিকারিককে গালাগাল দেন তাঁরা। খবর পেয়ে স্থানীয় থানা থেকে আসে পুলিস। আটক করে নিয়ে যাওয়া হয় ওই মদ্যপদের। কিন্তু সেখানে গিয়ে উল্টে হামলা চালিয়েছেন তাঁরা। এমনকী, নিগ্রহ করা হয়েছে পুলিসকেও। রবিবার রাতে এই ঘটনা ঘটেছে বিধাননগর উত্তর থানায়। পুলিসকে নিগ্রহের অভিযোগে ওই তরুণী সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই রেস্তরাঁটি সল্টলেকের সি এফ ব্লকে অবস্থিত। ঘটনার সূত্রপাত রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ। ওই পাঁচজন সহ আরও কয়েকজন ওই রেস্তরাঁর সামনে দু’টি গাড়ির ভিতরে বসে মদ্যপান করছিলেন। রেস্তরাঁর এক কর্মী বাইরে গিয়ে তাঁদের জিজ্ঞাসা করেন, তাঁরা খাবার অর্ডার করবেন কি না। কারণ, রেস্তরাঁ বন্ধ হওয়ার সময় হয়ে গিয়েছে। সেইসঙ্গে তাঁদের প্রবেশ পথের সামনে থেকে সরেও যেতে বলা হয়। কারণ, তাঁদের জন্য অন্যান্য অতিথিদের সমস্যা হচ্ছিল। ওই মদ্যপরা জানান, তাঁরা খাবার অর্ডার করবেন। রেস্তরাঁর ভিতরে ঢোকার পর মদ্যপদের ওই দলটি উচ্চস্বরে চিৎকার এবং বেলেল্লাপনা শুরু করে। সেখানে সল্টলেকের বাসিন্দা তথা কলকাতা পুলিসের এক আধিকারিক পরিবারের সঙ্গে খাবার খাচ্ছিলেন। ওই আধিকারিক তাঁদের শান্ত হওয়ার পরামর্শ দিলে তাঁরা বচসায় জড়িয়ে পড়েন। এরপর ওই আধিকারিক নিঃশব্দে বিধাননগর উত্তর থানায় খবর দেন। সঙ্গে সঙ্গে পুলিসকর্মীরা সেখানে পৌঁছে যান এবং তরুণী সহ পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যান। অভিযোগ, থানায় নিয়ে যাওয়ার পর ওই পাঁচজন হিংসাত্মক আচরণ শুরু করেন। তাঁরা একজন সাব-ইনসপেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট সাব-ইনসপেক্টরকে নিগ্রহ করেন বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে অন্যান্য পুলিসকর্মীরা এসে তাঁদের শান্ত করেন। জখম দুই পুলিস অফিসারকে চিকিৎসা করানো হয়েছে। সরকারি কাজে বাধা, পুলিসের উপর হামলার ঘটনায় পাঁচজনকেই শেষমেশ গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে, ধৃতদের মধ্যে তিনজন বাগুইআটির বাসিন্দা এবং বাকি দু’জন নিউটাউনের। ওই পাঁচজনই একটি কোম্পানিতে থার্ড পার্টি লোন আদায়কারী এজেন্ট হিসেবে কাজ করেন। পুলিস স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করেছে। তদন্তকারীরা রেস্তরাঁ এবং তার চারপাশের সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করছেন। সেই সঙ্গে রেস্তরাঁর কর্মী ও অন্যান্য অতিথিদের বক্তব্যও রেকর্ড করা হয়েছে। যাঁরা সেই সময় ঘটনাস্থলে ছিলেন।