ভোপাল: সোমবার বেআইনি মদ পাচার রুখতে গিয়ে মৃত্যু হয়েছিল মধ্যপ্রদেশের দেওয়াসের পুলিশ অফিসার দিলীপ পুরীর। ওই আধিকারিককে লরি চাপা দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। মঙ্গলবার দুটি পৃথক এনকাউন্টারে জখম ওই ঘটনার দুই অভিযুক্ত। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ইন্দোল-বেতুল হাইওয়েতে একটি লরি আটকান এসএইচও দিলীপ পুরী ও তাঁর দল। ওই গাড়িটিতে প্রায় ১৮০০ লিটার মদ পাচার করা হচ্ছিল গুজরাতে। পালাতে গিয়ে রাস্তার ডিভাইডারে গাড়ি তুলে দেয় চালক। সেসময়ই লরির পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দিলীপের। এসপি আদিত্য মিশ্র জানিয়েছেন, অভিযুক্ত ট্রাকচালক গজেন্দ্র ওরফে আক্কু রাওয়াতকে আলিরাজপুর জেলা থেকে গ্রেপ্তার করা হয়। দেওয়াসে ফিরিয়ে আনার সময় পালানোর চেষ্টা করে অভিযুক্ত। এক আধিকারিকের কাছ থেকে রিভলবার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে সে। আত্মরক্ষায় গুলি চালান ওই আধিকারিক। ঘটনায় গজেন্দ্রর একটি পায়ে গুলি লেগেছে। অন্যদিকে পৃথক এনকাউন্টারে আহত হয়েছে অন্য অভিযুক্তও। ধীরজ নামের ওই দুষ্কৃতী ব্যাংক নোট থানা এলাকায় পুলিশের বন্দুক ছিনিয়ে পালানোর চেষ্টা করে।



