Bartaman Logo
১৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

স্কুলে হেনস্তার শিকার, পড়ুয়াদের সচেতন করতে কর্মসূচি পুলিশের

স্কুলের ভিতর হেনস্তা (বুলি)। কখনও সহপাঠী কখনও উঁচু ক্লাসের পড়ুয়ারা স্কুলের ভিতর হেনস্তা করে বলে অভিযোগ ওঠে।

স্কুলে হেনস্তার শিকার, পড়ুয়াদের সচেতন করতে কর্মসূচি পুলিশের
  • ২৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: স্কুলের ভিতর হেনস্তা (বুলি)। কখনও সহপাঠী কখনও উঁচু ক্লাসের পড়ুয়ারা স্কুলের ভিতর হেনস্তা করে বলে অভিযোগ ওঠে। সেই মানসিক চাপে অনেকের পড়াশোনার ক্ষতি হয়। অনেকে ভয়ে কিছু বলে না। তাতে মনের উপর আরও চাপ পড়ে। এবার স্কুলের ভিতর হেনস্তার ঘটনা আটকাতে পড়ুয়াদের সচেতন করতে উদ্যোগ নিল পুলিশ। সম্প্রতি সল্টলেক সেক্টর ফাইভ এলাকায় শতাধিক পড়ুয়াকে নিয়ে এই কর্মসূচি করে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা। পাশাপাশি অনলাইন প্রতারণা, শিশুদের উপর হওয়া যৌন অপরাধ, পকসো আইন সহ বিভিন্ন বিষয় নিয়েও পড়ুয়াদের সচেতন করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাইবার সচেতনতা, ট্রাফিক আইন, মহিলাদের নিরাপত্তা নিয়ে সচেতনতা অনুষ্ঠান প্রায়শই হয়। কখনও পড়ুয়াদের নিয়ে, কখনও বিভিন্ন পাড়ার মানুষকে নিয়ে। তবে স্কুলের ভিতর হেনস্তার হয়রানি নিয়ে এই ধরনের সচেতনতামূলক উদ্যোগ অভিনব। অভিভাবক থেকে শিক্ষক, সকলেই পুলিশের এই উদ্যোগে খুশি। শিক্ষাবিদদের কথায়, স্কুলে বুলি করা হলে মারাত্মক প্রভাব পড়ে। তা দীর্ঘস্থায়ী হয়। ফলে পড়ুয়ারা মানসিক চাপে থাকে। বুলির শিকার হয়ে অনেক সময় দুর্ঘটনা ঘটে। তাই এ ব্যাপারে সচেতনতা খুব জরুরি। যাতে পড়ুয়ারা বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারনা পেতে পারে। পুলিশ জানিয়েছে, স্কুলের মধ্যে হেনস্তা (বুলি) নিয়ে একটি অনুষ্ঠান করা হয়েছে। ভবিষ্যতে আরও অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে। ১২০ ছাত্র-ছাত্রী অংশ নিয়েছিল। তারা পুলিশের সঙ্গে মতামত বিনিময় করে। প্রশ্ন-উত্তরে অংশ নেয়। বর্তমানে সাইবার প্রতারণা দিন দিন বাড়ছে। বহু মানুষ সর্বস্বান্ত হচ্ছে। তাই ছাত্র-ছাত্রীদেরও এই বিষয়ে সচেতন করার কাজ হচ্ছে। ট্রাফিক আইন সম্পর্কেও অবগত করা হচ্ছে। পাশাপাশি শিশুদের যৌন অপরাধ থেকে পকসো আইন সম্পর্কেও সচেতন করা হচ্ছে। ওই কর্মসূচিতে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার সঙ্গে বিধাননগর মহিলা থানার অফিসাররাও উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ