Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

গড়িয়াহাটে কলেজ ছাত্রের রহস্যমৃত্যুর তদন্তে পুলিস

গড়িয়াহাটের অভিজাত এলাকায় এক কলেজ পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রহস্য ঘনীভূত হয়েছে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে একডালিয়া প্লেসে। মৃতের নাম নীল সেন (১৯)।

গড়িয়াহাটে কলেজ ছাত্রের রহস্যমৃত্যুর তদন্তে পুলিস
  • ২৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গড়িয়াহাটের অভিজাত এলাকায় এক কলেজ পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রহস্য ঘনীভূত হয়েছে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে একডালিয়া প্লেসে। মৃতের নাম নীল সেন (১৯)। ওইদিন রাত সাড়ে ৮টা নাগাদ তাঁর শোওয়ার ঘর বন্ধ ছিল। বাবা অনেকক্ষণ ডাকাডাকি করেন। কিন্তু, সাড়া মেলেনি। শেষে দরজা ভাঙতেই সিলিং ফ্যান থেকে যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। তাঁরাই যুবককে দ্রুত উদ্ধার করে গড়িয়াহাট রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা নীলকে মৃত বলে ঘোষণা করেন। পুলিস জানিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার প্রাথমিক রিপোর্টে ইঙ্গিত, আত্মঘাতী হয়েছেন ওই তরুণ। কিন্তু, এর নেপথ্যে কারণ কী? তা নিয়ে ধোঁয়াশায় শোকস্তব্ধ পরিবার। পুলিস সূত্রে খবর, স্নাতকে বিজ্ঞান নিয়ে পড়াশোনার জন্য কলেজে ভর্তি হয়েছিলেন নীল। বাবা একটি বেসরকারি কোম্পানিতে কাজ করেন। বেশ কয়েক বছর ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন ওই ছাত্র। তার জন্য নিয়মিত চিকিৎসা চলত তাঁর। কিন্তু, সেকারণে তাঁর জীবনযাত্রায় কোনও পরিবর্তন আসেনি। এদিন দুপুর থেকে আচমকা খাওয়াদাওয়া বন্ধ করে দেন তরুণ। পরিবারের সদস্যদের জানান, শরীর খারাপ। দুপুর থেকেই দরজা বন্ধ করে ঘরেই ছিলেন তিনি। সন্ধ্যাতেও দরজা না খোলায় সন্দেহ হয় বাবার। দরজা ভাঙতেই ঝুলন্ত অবস্থায় দেখা যায় তরুণকে। পুলিসের অনুমান, মানসিক সমস্যার কারণেই আত্মঘাতী হতে পারেন নীল। যদিও মৃত্যুর কারণ খতিয়ে দেখছে গড়িয়াহাট থানা। এনিয়ে রাত পর্যন্ত পরিবারের তরফে অভিযোগ জমা পড়েনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ