Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাকচায় স্থানীয় যুবকদের সঙ্গে প্রীতি ক্রিকেট ম্যাচ পুলিশের

জনসংযোগে জোর দিতে ময়নার বাকচায় স্থানীয় যুবকদের সঙ্গে প্রীতি ক্রিকেট ম্যাচ খেলল পুলিশ। ভোট এলেই ময়নার বাকচা সন্ত্রস্ত হয়ে ওঠে

বাকচায় স্থানীয় যুবকদের সঙ্গে প্রীতি ক্রিকেট ম্যাচ পুলিশের
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: জনসংযোগে জোর দিতে ময়নার বাকচায় স্থানীয় যুবকদের সঙ্গে প্রীতি ক্রিকেট ম্যাচ খেলল পুলিশ। ভোট এলেই ময়নার বাকচা সন্ত্রস্ত হয়ে ওঠে। রাজনৈতিক হানাহানি, বোমাবাজি, খুন নিয়ে বাকচা সংবাদ শিরোনামে চলে আসে। এহেন বাকচায় শান্তিশৃঙ্খলা রক্ষা ও মানুষের আস্থা অর্জনের লক্ষ্যে পুলিশ সুপার মিতুনকুমার দে-র উদ্যোগে ক্রিকেট ম্যাচ আয়োজন হয়। এর পাশাপাশি দুঃস্থদের বস্ত্র বিতরণ ও পড়ুয়াদের ব্যাগ, খাতা, পেন দেওয়া হয়। সেইসঙ্গে দুপুরে খাওয়া দাওয়ার আয়োজনও ছিল। পুলিশের এমন ভূমিকায় বেজায় খুশি কার্তিক দাস, বিশ্বজিৎ মণ্ডল, সুমন রাউত, সঙ্গীতা মণ্ডলের মতো স্কুল পড়ুয়ারা। তারা প্রত্যেকে পুলিশের দেওয়া স্কুলব্যাগ, পেন, খাতা উপহার পেয়েছে। 

Advertisement


এদিন ইজমালিচক মাঠে বাকচা গ্রাম পঞ্চায়েত এলাকার যুবকদের সঙ্গে পুলিশের প্রীতি ক্রিকেট ম্যাচ হয়। পুলিশ সুপার সহ জেলা পুলিশের অন্যান্য অফিসাররা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার বলেন, আমাদের প্রত্যেকের নিজ নিজ রাজনৈতিক ও ধর্মীয় পরিচিতি আছে। সেগুলো নিয়ে কখনোই হিংসার পরিবেশ তৈরি করা উচিত নয়। এর ফলে স্থানীয়রাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। রাজনৈতিক, ধর্মীয় কিংবা গোষ্ঠীর হানাহানিতে এলাকার শিশুদের উপর সবচেয়ে বেশি খারাপ প্রভাব পড়ে। ঘৃণা ও অবিশ্বাসের বাতাবরণের মধ্যে তারা পড়ে গেলে সমাজের পক্ষে সেটা ক্ষতি। এধরনের ঘটনা থেকে সরে পড়াশোনা, খেলা প্রভৃতি নিয়ে উৎসাহ দিতে আমাদের এই উদ্যোগ। এখানে এই মুহূর্তে কোনও হিংসা নেই। আগামী দিনেও হিংসা থাকবে না। সমাজ, ধর্ম, রাজনীতি সবই থাকবে। কিন্তু, তার বহিঃপ্রকাশ হিংসার মধ্য দিয়ে ঘটবে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ