Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আসবাবের আড়ালে গাঁজা পাচারের নয়া ছক, বানচাল করল পুলিস

আসবাবের আড়ালে গাঁজা পাচারের  নয়া ছক, বানচাল  করল পুলিস
  • ১১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: ক্যুরিয়ার সার্ভিসে আসবাবের মধ্যে ভরে গাঁজা পাচার। কোচবিহার থেকে দক্ষিণবঙ্গে গাঁজা পাচারের নয়া ছক ভেস্তে দিল বারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। শনিবার হুগলির শ্রীরামপুর থানার পেয়ারাপুরের বেলুমোড়ে হানা দেন গোয়েন্দারা। সেখানকার একটি ক্যুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউসে থাকা সোফার ভিতর থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার হয়। পুলিসের তরফে জানানো হয়েছে, এই চক্রের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বুধবার নাগেরবাজার থানার নয়াপট্টি এলাকায় একটি গাড়িতে অভিযান চালায় কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। সেখানে থাকা নতুন একটি সোফার ভিতর থেকে ৫৩ কেজি গাঁজা উদ্ধার হয়। গাড়িতে থাকা কোচবিহার ও চাকদার দুই গাঁজা পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের জেরা করে গাঁজা পাচারের নতুন ছক প্রকাশ্যে আসে। তাদের জেরা করে  শ্রীরামপুরে এক ক্যুরিয়ার কোম্পানির ওয়্যারহাউসে শনিবার গোয়েন্দারা হানা দেন। সেখানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বেশ কয়েকটি সোফা ভাঙা হয়। সোফার গদি তুলে ফেলতেই বেরিয়ে আসে সিল করা গাঁজার প্যাকেট। জানা গিয়েছে, সরাসরি গাঁজা নিয়ে কলকাতা বা শহরতলিতে ঢুকতে গিয়ে বারবার বিপদে পড়ছে পাচারকারীরা। তাই সোফা নানান আসবাবের ভিতরে ভরে দেওয়া হচ্ছে গাঁজার প্যাকেট। এরপর ক্যুরিয়ারে করে পাঠিয়ে দেওয়া হচ্ছে নির্দিষ্ট ঠিকানায়। সেখান থেকে ছোট ছোট প্যাকেটে পাঠানো হচ্ছে নির্দিষ্ট ঠেকে। এই ব্যবস্থায় বেশ কয়েক মাস ধরে কোচবিহার থেকে হুগলি, নদীয়া ও উত্তর ২৪ পরগনায় গাঁজা পাচার করা হচ্ছিল। গোয়েন্দারা জানিয়েছেন, চক্রের পান্ডাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ