নিজস্ব প্রতিনিধি, বারাসত: দেগঙ্গায় নাবালক ছেলেকে খুনের অভিযোগে ধৃত মাকে মঙ্গলবার বারাসত আদালতে তোলা হয়। বিচারক তাঁকে দু’দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন। মৃতের নাম শুভদীপ পাল। ধৃত মা সান্তু পালকে জেরা করে ঘটনার সময় ঠিক কী হয়েছিল, তা জানার চেষ্টা করছে দেগঙ্গা থানার পুলিশ।
জানা গিয়েছে, মায়ের বিবাহ-বহির্ভূত সম্পর্ক নিয়ে আপত্তি ছিল শুভদীপের। বাড়িতে বহিরাগত পুরুষদের নিয়ে মদের আসর বসানো নিয়েও প্রতিবাদ করত সে। মায়ের মদ্যপান নিয়েও আপত্তি ছিল নাবালকের। রবিবার রাতে ফের একই বিষয় নিয়ে মায়ের সঙ্গে শুভদীপের কথা কাটাকাটি হয় বলে অভিযোগ। কিছুক্ষণের মধ্যেই বাড়ির বারান্দায় শুভদীপের নিথর দেহ পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। নাবালকের গলায় কালশিটে দাগও ছিল।দেহের পাশেই মদ্যপ অবস্থায় সান্তু পালকে বসে থাকতে দেখা যায়। সান্তু ছেলেকে খুন করেছেন বলে অভিযোগ তোলেন প্রতিবেশীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে সান্তুকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার তাঁকে বারাসত আদালতে তোলা হলে দু’দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন বিচারক। বারাসত পুলিশ জেলার সুপার জে মার্সি জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে শুভদীপের মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।