Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

খড়দহে ভাসানে গোলমাল, আক্রান্ত পুলিশ, ধৃত চার

শুক্রবার রাতে খড়দহে প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রায় তুমুল গোলমাল হয়। তা ঠেকাতে গিয়ে আক্রান্ত হয় পুলিশই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টিটাগড়ের ২২ নম্বর ওয়ার্ডের একটি পুজো কমিটি ওই বিসর্জনের শোভাযাত্রাটি করছিল।

খড়দহে ভাসানে গোলমাল, আক্রান্ত পুলিশ, ধৃত চার
  • ৫ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শুক্রবার রাতে খড়দহে প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রায় তুমুল গোলমাল হয়। তা ঠেকাতে গিয়ে আক্রান্ত হয় পুলিশই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টিটাগড়ের ২২ নম্বর ওয়ার্ডের একটি পুজো কমিটি ওই বিসর্জনের শোভাযাত্রাটি করছিল। খড়দহ বলরাম হাসপাতালের সামনে থেকে খড়দহ রাসখোলা ঘাটের দিকে যাচ্ছিল সেটি। তখন মদ্যপ অবস্থায় একদল যুবকের বিরুদ্ধে মহিলাদের উত্যক্ত করার অভিযোগ ওঠে। প্রতিবাদ করায় শোভাযাত্রায় অংশগ্রহণকারী কয়েকজনকে মারধর পর্যন্ত করা হয়। সেখানে মোতায়েন ছিল খড়দহ থানার বিশাল পুলিশ বাহিনী। তাঁরাই খবর পেয়ে হামলাকারী যুবকদের আটকায়।

Advertisement

অভিযোগ, তখন টিটাগড়ের স্থানীয় এক কাউন্সিলারের ঘনিষ্ঠ নগেন্দ্র রায় ও তাঁর দলবল চড়াও হয় পুলিশকর্মীদের উপর। ধস্তাধস্তি করার পাশাপাশি তাদের মারধরও করা হয়েছে বলে অভিযোগ। এতে আক্রান্ত হন চার পুলিশকর্মী। তাঁদের হাসপাতালে চিকিৎসা করানো হয়। পরে পুলিশ লাঠি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বারাকপুরের ডিসি সেন্ট্রাল ইন্দ্রবদন ঝা। পাশাপাশি সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে বাকিদের শনাক্ত করার কাজ চলছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন সাংসদ পার্থ ভৌমিক।

Advertisement
সম্পর্কিত সংবাদ