Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পানিহাটিতে অস্ত্র ভাণ্ডারের হদিশ, পুলিসের জালে ১

পানিহাটিতে অস্ত্র ভাণ্ডারের হদিশ, পুলিসের জালে ১
  • ৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: পানিহাটিতে একজনের ঘর থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার হয়েছে। পুলিস জানিয়েছে, নইম আনসারি ওরফে নেপালি নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়েছে। লোকটি এলাকায় শাসক দল ঘনিষ্ঠ বলে পরিচিত। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে চারটি পাইপগান, বিভিন্ন বোরের ১৩ রাউন্ড গুলি, চপার, ছুরি প্রভৃতি। মঙ্গলবার বারাকপুর মহকুমা আদালত তাকে ১০ দিনের পুলিস হেফাজত দিয়েছে। এদিন সন্ধ্যায় খড়দহ থানায় পুলিস কমিশনার অজয় ঠাকুর তাকে জেরা করেন। এত আগ্নেয়াস্ত্র কোথা থেকে এবং কী মতলবে মজুত করেছিল সে, জানতে চায় পুলিস।  সাংবাদিক সম্মেলনে ডিসি (সেন্ট্রাল) ইন্দ্রবদন ঝা বলেন, ‘সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।’

Advertisement

পানিহাটিতে নয়াবস্তির মৌলানা সেলিম রোডে নইমের বাড়ি। বিশেষ রকমের চেহারার কারণে তার ডাকনাম হয়ে গিয়েছে ‘নেপালি’। পুলিসের দাবি, বাম জমানা থেকেই সে এলাকায় নানা অসামাজিক কাজে জড়িয়ে পড়ে। বর্তমানে তৃণমূলের কিছু প্রভাবশালী ব্যক্তির ঘনিষ্ঠ হয়ে এলাকায় রাজপাট চালাচ্ছিল সে। অস্ত্র মজুতের খবর পেয়ে কামারহাটি থানার বাহিনী তার বাড়ি ঘিরে ফেলে। খবর যায় খড়দহ থানায়ও। দুই থানা যৌথভাবে তল্লাশি শুরু করে। ঘরের মধ্যে ব্যাগ থেকে সমস্ত অস্ত্রশস্ত্র উদ্ধার হয়। সূত্রের খবর, তল্লাশি চলার সময় নেপালি পাশের এলাকার এক তৃণমূল কাউন্সিলারের অফিসে বসে ছিল। অভিযানের খবর পেয়েই গা ঢাকা দেয় সে। মঙ্গলবার ভোরে ধানকল মোড় থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে। 
এদিন সকালে ওই এলাকায় গিয়ে দেখা গিয়েছে, পুরো থমথমে। সরু গলির মধ্যে নেপালির বাড়ি। বাড়ির চারপাশ সিসি ক্যামেরায় মোড়া। বাড়ির নীচে রয়েছে একটি গ্রিল কারখানা। বাড়িতে ভাড়াটিয়ারাও থাকে। নাম প্রকাশে অনিচ্ছুক কিছু বাসিন্দা বলেন, ‘আমরা ওকে ‘তৃণমূল নেতা’ বলেই জানি। তবে নেপালি গ্রেপ্তার হতেই তার সঙ্গে পানিহাটির এক প্রভাবশালী বাবা ও ছেলের ছবি ভাইরাল হয়েছে।’ এমনকী, স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বিশ্বনাথ দে-সহ একাধিক পুর কাউন্সিলারের সঙ্গে তার ঘনিষ্ঠতার বিষয়টি প্রকাশ্যে এসেছে। এনিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। 
এদিন কোর্টে ওঠার আগে নইম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলে, ‘আমার বাড়িতে অনেকেই আসে। এই অস্ত্র কোথা থেকে এল তা বলতে পারব না। অস্ত্রের বিষয়ে আমি কিছুই জানি না।’ অন্যদিকে, কাউন্সিলার বিশ্বনাথ দে বলেন, ‘এলাকার লোকেদের সঙ্গে পরিচয় থাকাই স্বাভাবিক। এখন দল তো সবাই করে। অপরাধ করলে পুলিস আইনানুগ পদক্ষেপ করবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ