নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর রুটে মেট্রো পরিষেবা আগের তুলনায় অনেকটাই মসৃণ হয়েছে। সিংহভাগ যাত্রীর অন্তত এমনই অভিজ্ঞতা। জুলাইয়ের গোড়ায় কবি সুভাষ স্টেশনে বিপর্যয় ঘটে। প্ল্যাটফর্ম বসে যাওয়ায় দক্ষিণের প্রান্তিক স্টেশন বন্ধ করে দিতে বাধ্য হয় মেট্রো কর্তৃপক্ষ। তারপর থেকে যাত্রীদের কাছে নর্থ-সাউথ করিডরে মেট্রোয় যাতায়াত একপ্রকার আতঙ্ক হয়ে উঠছিল। কারণ, ডাউনে কিছু রেক শহিদ ক্ষুদিরাম স্টেশনে যাত্রী নামিয়ে কবি সুভাষ থেকে মুখ ঘুরিয়ে ফের দক্ষিণেশ্বরের জন্য যাত্রা শুরু করছে। কবি সুভাষের মতো রেকের মুখ ঘোরানোর ব্যবস্থা টালিগঞ্জেও (মহানায়ক উত্তমকুমার) থাকায় কিছু রেক সেখানেই খালি করে দক্ষিণেশ্বর অভিমুখে যাচ্ছে। এখানেই তৈরি হচ্ছিল সমস্যা। গত কয়েক সপ্তাহ ধরে দেখা যাচ্ছিল, বহু যাত্রী মেট্রো থেকে নামতেই চাইছেন না। কেন মেট্রো শহিদ ক্ষুদিরাম পর্যন্ত যাবে না, এই প্রশ্ন তুলে অনড় থাকছিলেন তাঁরা। তাছাড়া, বহু যাত্রী কার্যত জোর করে ভিড়ে ঠাসা রেকে ওঠার চেষ্টা করায় দরজা বারবার খুলতে ও বন্ধ করতে হচ্ছিল। ফলে গোটা রুটে মেট্রোর সময়সূচি বিগড়ে যায়। বাড়তি চাপ তৈরি হয় স্টেশনগুলিতে। তার উপর এসপ্ল্যানেড বর্তমানে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ‘চেঞ্জ ওভার স্টেশন’ হয়ে যাওয়ায় জটিলতা আরও বাড়ছিল।
কিন্তু চলতি সপ্তাহ থেকেই পরিচিত ছন্দে ফিরতে শুরু করেছে মেট্রো। কীভাবে মিটল এই সমস্যা? মেট্রো কর্তৃপক্ষ এর সিংহভাগ কৃতিত্বই দিচ্ছে যাত্রীদের! এক শীর্ষ মেট্রোকর্তা বলেন, ‘যাত্রীদের সৌজন্যেই এই অসাধ্য সাধন হয়েছে। তাঁরা বাস্তব সমস্যা মেনে নিয়ে টালিগঞ্জে দ্রুত রেক খালি করে দিচ্ছেন। মেট্রোয় ওঠার জন্য হুড়োহুড়িও কমেছে। ফলে যে বাড়তি সময় যাচ্ছিল, তা এখন আর লাগছে না। ফলে সময়েই চলছে মেট্রো।’ তিনি আরও জানান, শনিবার দমদম, দক্ষিণেশ্বর, এসপ্ল্যানেড, হাওড়া, শিয়ালদহ সহ বিভিন্ন মেট্রো স্টেশনে স্পেশাল ক্যাম্প করে করা হয়। টিকিট কাউন্টারের বদলে সেখান থেকেই সরাসরি স্মার্ট কার্ড কিনতে পারছেন যাত্রীরা। যত বেশি সংখ্যক যাত্রী স্মার্ট কার্ড ব্যবহার করবেন, কাউন্টারে লাইন তত কমবে। আগামী সাতদিন এই ক্যাম্পগুলি চলবে বলে জানিয়েছেন তিনি।
রেলের পরিসংখ্যান অনুযায়ী, এই ক্যাম্পগুলি থেকে এদিন ২ হাজার স্মার্ট কার্ড বিক্রি হয়েছে। সন্ধ্যা ৭টা পর্যন্ত নর্থ-সাউথ ও ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে সব মিলিয়ে ৫ লক্ষ ৬৫ হাজার যাত্রী সফর করছেন। এর মধ্যে সওয়া চার লক্ষ যাত্রী শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর রুটের। ১ লক্ষ ৩৯ হাজার যাত্রী আপ-ডাউনে হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো পথে যাতায়াত করেছেন। নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর রুটে মেট্রো পরিষেবা আগের তুলনায় অনেকটাই মসৃণ হয়েছে। সিংহভাগ যাত্রীর অন্তত এমনই অভিজ্ঞতা। মসৃণ হয়েছে। সিংহভাগ যাত্রীর অন্তত