Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ফলতার প্রাক্তন বিধায়ক শংকরকে খুঁজছে পুলিশ

জাহাঙ্গির খানের ঘনিষ্ঠ ফলতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শংকর নস্করের বিরুদ্ধে এক যুবককে প্রকাশ্য দিবালোকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠল

ফলতার প্রাক্তন বিধায়ক শংকরকে খুঁজছে পুলিশ
  • ২৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বজবজ: জাহাঙ্গির খানের ঘনিষ্ঠ ফলতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শংকর নস্করের বিরুদ্ধে এক যুবককে প্রকাশ্য দিবালোকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠল। তাঁর বুকে পেটে এলোপাথারি লাথি মারা হয়েছিল। শুধু তাই নয়, ছেলেকে বাঁচাতে গিয়ে নিগৃহীত হয়েছিলেন তাঁর মা’ও। ঘটনাটি ঘটেছিল ২৯ এপ্রিল, বিধানসভা নির্বাচনের দিন। যদিও ওই ভোট বাতিল করে দিয়েছিল নির্বাচন কমিশন। এতদিন ভয়ে গ্রামছাড়া ছিলেন ওই যুবক। মঙ্গলবার রাতে ফলতা থানায় এ নিয়ে অভিযোগ দায়ের করেন ওই যুবক ও তাঁর মা। তার ভিত্তিতে পুলিশ শংকর নস্করকে ডেকে পাঠালেও বুধবার রাত পর্যন্ত সে দেখা করেনি। জানা গিয়েছে, শংকর গা ঢাকা দিয়েছে। ফলতা থানা সূত্রে জানা গিয়েছে, শংকর নস্করের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দা তথা কলকাতা হাইকোর্টের আইনজীবী অতুন ঘোষ বলেন, জোড়া বটতলায় ওই যুবকের চশমার দোকান রয়েছে। ২৯ এপ্রিল তিনি নতুন রাস্তার মোড়ে একটি বুথে ভোট দিতে গিয়েছিলেন। ভোট কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে তাঁর উপর নজরদারি চালাচ্ছিল শংকর নস্কর ও তার এক শাগরেদ। অভিযোগ, ওই বুথে স্পাই ক্যামেরা লাগানো ছিল। তার সঙ্গে শংকরের মোবাইলের সংযোগ ছিল। সম্ভবত ওই যুবক তৃণমূলকে ভোট দেননি। তা স্পাই ক্যামেরায় ধরা পড়ায় বুথ থেকে বেরনোর সময় তাঁর উপর অত্যাচার চালানো হয়।  এদিকে, তোলাবাজি, কারখানা বন্ধ করে দেওয়ার হুমকি, মারধর সহ একাধিক অভিযোগে রামনগর থানা গ্রেপ্তার করেছে জাহাঙ্গির ঘনিষ্ঠ নাসির শেখকে। ফলতার বিধায়ক দেবাংশু পান্ডা বলেন, নাসিরের বিরুদ্ধে শ্রমিকদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করা, কাজ থেকে বসিয়ে দেওয়ার অভিযোগ ছিল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ