Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহে কড়া হচ্ছে পুলিশ, ভাবাচ্ছে বাড়ির মালিকদের অনীহা

নিরাপত্তার খাতিরে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের দিকে নজর পুলিশ, প্রশাসনের। যদিও বারবার বলা সত্ত্বেও পুলিশের কাছে ভাড়াটিয়ার তথ্য দেওয়ার ক্ষেত্রে বাড়ির মালিকদের অনীহা ভাবাচ্ছে পুলিশকে।

ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহে কড়া হচ্ছে পুলিশ, ভাবাচ্ছে বাড়ির মালিকদের অনীহা
  • ১৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সন্দীপন দত্ত, মালদহ: নিরাপত্তার খাতিরে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের দিকে নজর পুলিশ, প্রশাসনের। যদিও বারবার বলা সত্ত্বেও পুলিশের কাছে ভাড়াটিয়ার তথ্য দেওয়ার ক্ষেত্রে বাড়ির মালিকদের অনীহা ভাবাচ্ছে পুলিশকে। তবে, এবার অত্যন্ত কড়াভাবে বিষয়টি দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। ভাড়াটিয়ার তথ্য জানানোর বিষয়ে প্রথম পর্যায়ে পুলিশ সচেতন করে প্রচার চালাবে। তাতেও যদি বাড়ির মালিকদের গড়িমসি দেখা যায়, তাহলে ভবিষ্যতে কোনও ঘটনা ঘটলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

মালদহের পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, বাড়ির মালিকদের ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ করে পুলিশকে জানানোর কথা বলা হয়েছে। কিছু বাড়ির মালিক ভাড়াটিয়ার তথ্য পুলিশকে জানাচ্ছেন। কিন্তু অনেকেই এখনও তথ্য সংগ্রহ করেননি। 
জনসংখ্যার নিরিখে মালদহ রাজ্যে প্রথম সারিতে। এখানকার বাসিন্দাদের একটা বিশাল অংশ কর্মসূত্রে বসবাস করছেন। তাঁদের মধ্যে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের নানা দপ্তরের সরকারি কর্মচারীরা আছেন, রয়েছেন বেসরকারি বিভিন্ন সংস্থায় কর্মরতরাও। চিকিৎসা এবং উচ্চশিক্ষার জন্য আশেপাশের অঞ্চলের বহু মানুষ এখানে বাড়ি ভাড়া করে থাকেন। পার্শ্ববর্তী উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ জেলা, এমনকি পাশের রাজ্য বিহার থেকেও বহু মানুষ কর্মসূত্রে এখানে এসে বসবাস করেন। 
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মালদহ জেলায় বিশেষ করে ইংলিশবাজার শহরের যা জনসংখ্যা, তার বেশিরভাগই বাইরের মানুষ। শহরের ২৯ টি ওয়ার্ডের প্রায় প্রত্যেক রাস্তায় অধিকাংশ বাড়ি, ফ্ল্যাট ভাড়া দেওয়া হয়। ভাড়াটেদের সংখ্যা বেশি থাকায় এখানে বাড়ি ভাড়াও অনেক বেশি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভাড়াটেদের তথ্য সংগ্রহ অন্তত জরুরি বলে মনে করছে পুলিশ, প্রশাসন।
পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি বলেন, যারা অপরাধমূলক কাজকর্ম করে, তাদের অন্যতম লক্ষ্য নাম ভাঁড়িয়ে বাড়ি ভাড়া নিয়ে থাকা। কাজেই পুলিশের কাছে ভাড়াটিয়াদের তথ্য থাকাটা খুব জরুরি। কোন বাড়িতে বসে কী ষড়যন্ত্র হবে, কেউই বলতে পারবে না। তাই বাড়ির মালিকদের কাছে অনুরোধ, তাঁরা যেন এগিয়ে এসে পুলিশ, প্রশাসনকে সহযোগিতা করেন। 
রাজ্যের স্পর্শকাতর জেলাগুলির মধ্যে মালদহ অন্যতম। একদিকে দেড়শো কিলোমিটারের বেশি অংশে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত, আরেকদিকে বিহার এবং ঝাড়খণ্ডের সীমানা। পাশের দুই জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুরও সীমান্তবর্তী। এছাড়াও আছে ব্যাস্ততম মালদহ টাউন স্টেশন। যা রেল মানচিত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেল স্টেশন। ফলে মালদহের নিরাপত্তা নিয়ে পুলিশ অত্যন্ত সতর্ক। 

Advertisement
সম্পর্কিত সংবাদ