নিজস্ব প্রতিনিধি, আসানসোল: দর্শনার্থীদের পুজো যানজট মুক্ত ও দুর্ঘটনা মুক্ত করতে তৎপর হল পুলিশ। রাজ্য পুলিসের নির্দেশ মতো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট পুজোর সময়ে নো এন্ট্রির একগুচ্ছ তালিকা প্রকাশ করেছে। দুর্গাপুজোর সময়ে কলকাতা গামী পরিবহণ গাড়ি গুলির নো এন্ট্রি। এমনকী রবিবার মহলয়ার দিনেও ভোর থেকে দুপুর পর্যন্ত নো এন্ট্রি থাকবে।
শুধু পরিবহণ রেস্ট্রিকশন করেই দায় সারছে না পুলিশ। শুক্রবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ ট্রান্সপোর্টারদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই বার্তা দেওয়া হয়েছে, কয়লা, বালি ও পাথর লোড করে গাড়িগুলিকে রাস্তায় না আনাই ভালো। তাঁদের পরামর্শ বিধিনিষেধ থাকা দিন গুলিতে যেন গাড়ি লোড না করা হয়। কেন এমন পদক্ষেপ? জানা গিয়েছে, কলকাতা অভিমুখ নো এন্ট্রি থাকার ফলে বিভিন্ন জায়গায় পুলিশকে গাড়ি গুলি আটকে দিতে হয়। ১৯ নম্বর জাতীয় সড়কে সারি দিয়ে দাঁড়িয়ে থাকে পণ্যবাহী লরিগুলি। এতে অত্যাবশকিয় পণ্য পরিবহণ করা গাড়ি গুলির যাতায়াতের কিছুটা সমস্যা হয়। অনেক সময়ে ঠাকুর দেখতে যাওয়ার মানুষজনকেও বিড়ম্বনায় পড়তে হয়। তাই এবার রাস্তাতে গাড়ির চাপ কমাতে কারবার বন্ধ রাখার পরমার্শ দিল পুলিশ। এছাড়াও আসানসোল দুর্গাপুর ট্রাফিক পুলিশ তাঁদের একটি নম্বর প্রকাশ করেছে। জানিয়েছে, ট্রাফিক সংক্রান্ত যে কোন সমস্যায় যোগাযোগ করা যেতে পারে। যোগাযোগ নম্বর ৮১১৬৬০৪৪০২।
ডিসি (ট্রাফিক) ভিজি সতীশ পশুমূর্তি বলেন, যান চলাচল নিয়ন্ত্রণের বিষয়টি নিয়ে ট্রান্সপোর্টারদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়েছে। কয়লা, বালি, পাথরের মতো যেগুলি অত্যাবশ্যকিয় পণ্য নয় তা বিধিনিষেধের দিন গুলিতে রাস্তা না আনার পরামর্শ দেওয়া হয়েছে।