Bartaman Logo
৩১ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জঞ্জালমুক্ত পরিবেশের ডাক, বিশ্ব পরিবেশ দিবসে পথে নামল পুলিশ ও গেরুয়া শিবির

শনিবার বারাবনী থানার উদ্যোগে এবং স্থানীয় বিজেপি নেতৃত্বের সহযোগিতায় এক বিশেষ পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

জঞ্জালমুক্ত পরিবেশের ডাক, বিশ্ব পরিবেশ দিবসে পথে নামল পুলিশ ও গেরুয়া শিবির
  • ৩১ মে, ২০২৬ ০৪:০০

সংবাদদাতা, দুর্গাপুর: শনিবার বারাবনী থানার উদ্যোগে এবং স্থানীয় বিজেপি নেতৃত্বের সহযোগিতায় এক বিশেষ পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এদিন বারাবনী থানা চত্বর এবং থানা বাজার সংলগ্ন দুর্গা মন্দির এলাকার বিভিন্ন স্থানে ব্যাপক সাফাই অভিযান চালানো হয়। কর্মসূচিতে অংশগ্রহণ করেন বারাবনী থানার পুলিশ আধিকারিকরা, বিজেপির স্থানীয় নেতৃত্ব, দলীয় কর্মী-সমর্থক এবং যুব মোর্চার সদস্যরা। হাতে ঝাঁটা, কোদাল ও অন্যান্য সাফাই সরঞ্জাম নিয়ে তাঁরা এলাকায় জমে থাকা আবর্জনা পরিষ্কার করেন। পাশাপাশি পরিচ্ছন্ন ও দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে সাধারণ মানুষের মধ্যেও সচেতনতার বার্তা পৌঁছে দেন। অভিযান চলাকালীন পরিবেশ সংরক্ষণ, প্লাস্টিক বর্জন এবং জনপরিসর পরিষ্কার রাখার প্রয়োজনীয়তার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। 

Advertisement

বিজেপির ১ নম্বর মণ্ডল সভাপতি প্রসেনজিৎ গড়াই বলেন, ‘পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণ ভারতীয় জনতা পার্টির অন্যতম অগ্রাধিকারমূলক সামাজিক কর্মসূচি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এই উদ্যোগের মাধ্যমে মানুষের মধ্যে ইতিবাচক সচেতনতা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। বারাবনী থানার আধিকারিকদের সক্রিয় অংশগ্রহণ এই কর্মসূচিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।’
বিজেপি যুব মোর্চার সভাপতি সুরজ সিং বলেন, ‘পরিবেশ রক্ষা কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়। এটি একটি সামাজিক কর্তব্য। প্রত্যেক নাগরিক যদি নিজের বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার ব্যাপারে সচেতন হন, তাহলে একটি সুস্থ, নির্মল ও বাসযোগ্য সমাজ গড়ে তোলা সম্ভব হবে।’ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিবেশের ভারসাম্য রক্ষা, পরিচ্ছন্ন জনপরিসর বজায় রাখা এবং আগামী প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন।

সম্পর্কিত সংবাদ