সংবাদদাতা, চাঁচল: চাঁচল সদরের ব্যস্ত সড়ক পথে যানজটের সমস্যা দীর্ঘদিনের। রাস্তার একাংশ জুড়ে দোকানের হোর্ডিং। ফুটপাত ছাড়িয়ে সড়কের উপর পসরা সাজিয়ে বসছেন একাংশ ব্যবসায়ী। এর জেরে সমস্যায় পড়ছেন পথচারী থেকে শুরু করে গাড়িচালকেরা। যানজট নিয়ন্ত্রণে মঙ্গলবার পথে নামে চাঁচল মহকুমা ও পুলিশ প্রশাসন। কলেজ রোড থেকে কাজী নজরুল ইসলাম বাস টার্মিনাস পর্যন্ত বিভিন্ন ব্যবসায়ীকে সতর্ক করা হয়। রাস্তার নির্দিষ্ট সীমানার মধ্যে ব্যবসা করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিনের অভিযানে বিশেষ নজর ছিল বাস টার্মিনাস সংলগ্ন ফলের দোকানগুলির উপর। অভিযোগ, রাস্তার উপর দোকানের সামগ্রী ছড়িয়ে রাখায় যানবাহন চলাচলের জায়গা ক্রমশ সংকীর্ণ হচ্ছে। এতে যানজট তৈরি হচ্ছে। একই সঙ্গে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। ফুটপাত দখল করে ব্যবসা করা ও রাস্তার উপর হোর্ডিং রাখার প্রবণতা বন্ধ করতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করেন আধিকারিকেরা।
প্রতিদিন চাঁচল কাজী নজরুল ইসলাম বাস টার্মিনাস থেকে মালদহ, গাজোল, মানিকচক, রতুয়া, রায়গঞ্জ ও হরিশ্চন্দ্রপুর সহ বিভিন্ন রুটে শতাধিক বাস চলাচল করে। বাসের যাতায়াত স্বাভাবিক রাখতে টার্মিনাসের পরিবর্তে হাটখোলা এলাকা থেকে বিভিন্ন রুটের বাস চালানোর নির্দেশ দিয়েছে প্রশাসন।
তবে নতুন জায়গায় বাস চালানো নিয়ে চালকদের একাংশের দাবি, সেখানে শৌচালয় ও পানীয় জলের ব্যবস্থা করতে হবে। প্রশাসনের তরফে সেই দাবি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন চাঁচলের মহকুমা শাসক ঋত্বিক হাজরা, মহকুমা পুলিশ আধিকারিক আফজল আলি, চাঁচল থানার আইসি জয়দেব ঘোষ, ট্র্যাফিক ইনচার্জ সুব্রত বসাক, চাঁচল-১ ব্লকের বিডিও পৌষালী চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকেরা।
চাঁচলের মহকুমা পুলিশ আধিকারিক আফজল আলি বলেন, যানজট মুক্ত করতে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। ফুটপাত দখল করে ব্যবসা করা ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।



