Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পঞ্চায়েতগুলিতে কাজের মান যাচাই করতে বিশেষজ্ঞ কমিটি গড়ে পরিদর্শন

পঞ্চায়েতগুলিতে কাজের মান যাচাই করতে বিশেষজ্ঞ কমিটি গড়ে পরিদর্শন
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পঞ্চায়েতের উন্নয়নের কাজের মান আরও উন্নত করতে এবার তার মূল্যায়ন করার নির্দেশ দিল হুগলি জেলা প্রশাসন। সমস্ত ব্লককে পঞ্চায়েতস্তরের উন্নয়নমূলক কাজ সরেজমিনে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্মাণ কাজ পরিদর্শনে বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারদের নিয়ে বিশেষ দল তৈরি করতে বলা হয়েছে। তাতে যেমন ব্লকস্তরের প্রতিনিধি থাকবেন, তেমনই পঞ্চায়েত স্বশক্তিকরণ বিভাগের জেলাস্তরের প্রতিনিধিরা থাকবেন। সম্প্রতি জেলা পরিষদের তরফে জারি করা ওই নির্দেশিকা মোতাবেক, উন্নয়ন কাজ খতিয়ে দেখে পরিদর্শকরা খুশি হলে তবেই কাজের জন্য বরাদ্দ টাকা পঞ্চায়েত দিতে পারবে। ওয়াকিবহাল মহলের দাবি, ওই পদক্ষেপ আক্ষরিক অর্থেই কড়া।
Advertisement
হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধাড়া বলেন, কাজের মান ও গতি– দু’টিকেই আমরা প্রশাসনিক তরফে উন্নত করতে চাইছি। আমরা চাই, সরকারি টাকার সঠিক ব্যবহার হোক। তাতে সময়ে নতুন বরাদ্দ পাওয়ার সুবিধাও হবে। সমস্ত ব্লকের বিডিওদের ওই বিষয়ে পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের এক কর্তা বলেন, নির্দেশিকায় বেশ কিছু উল্ল্যেখযোগ্য পরামর্শ আছে। যেমন, যেদিন পরিদর্শন হবে, তার পরদিনই রিপোর্ট জমা করতে হবে। পরিদর্শকরা সন্তুষ্ট না হলে সংশোধনের পরামর্শ দিতে পারবেন এবং তা মানতে হবে। সবচেয়ে বড় কথা, পরিদর্শনের রিপোর্টের উপরেই নির্ভর করবে ওই কাজ যে সংস্থা করছে, তারা কাজের জন্য টাকা পাবে কি না।
হুগলি জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সাম্প্রতিক সময়ে জেলার নিজস্ব মূল্যায়ন বৈঠকে বারবার কাজের গতি ও মান নিয়ে প্রশ্ন উঠেছে। রাজ্যের পঞ্চায়েত সচিব পি উলগানাথন সম্প্রতি জেলাতে এসে বৈঠক করেন। সেখানেই উন্নয়ন নিয়ে তিনি কিছু আশঙ্কার কথা বলেছিলেন। তারপরেই জেলা প্রশাসনের বিশেষ পরিদর্শনের নির্দেশিকা জারিকে ঘিরে গুঞ্জন শুরু হয়েছে। সরকারি চিঠিতে ওই পরিদর্শন পদ্ধতি নিয়ে বিশেষ কিছু পদক্ষেপ করতে বলা হয়েছে। সেগুলিও গুঞ্জনে বাড়তি মাত্রা জুড়ছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সোমবারই সমস্ত ব্লককে ওই চিঠি দেওয়া হয়েছে। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, রাজ্য ও কেন্দ্রীয় সরকারি, উভয় তহবিলের টাকার কাজই পরিদর্শনের আওতায় থাকবে। কাজের গুণগত মান যাচাই করার পাশাপাশি কাজের গতিও নজরদারি করতে হবে। একজন ব্লকস্তরের ইঞ্জিনিয়ার, একজন নির্মাণ সহায়ক ও পঞ্চায়েত স্বশক্তিকরণ বিভাগের অফিসারদের পরিদর্শক দলে রাখতেই হবে। পরিদর্শক দলের রিপোর্ট সরকারি পোর্টালে থাকবে। যাতে সর্বস্তরের অফিসাররা তা দেখতে পান। এই নির্দেশিকা ঘিরে ইতিমধ্যেই ব্লকস্তরে শোরগোল শুরু হয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ