মুম্বই: আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল কাসকরের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ইডির। মহারাষ্ট্রের থানেতে তার একটি বিলাসবহুল ফ্ল্যাটের দখল নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যার বাজারমূল্য প্রায় ৭৫ লক্ষ টাকা। দাউদ ও তার ভাই ইকবালের বিরুদ্ধে আর্থিক তছরুপ মামলার তদন্ত চালাচ্ছে ইডি। সেই সূত্রেই বাজেয়াপ্ত করা হয়েছে থানের ফ্ল্যাটটি।
Advertisement
তদন্তকারীদের দাবি, এক বিল্ডারকে হুমকি দিয়ে ফ্ল্যাট দখল করেছিল ইকবাল ও তার সাঙ্গপাঙ্গরা। মুমতাজ শেখ নামে ইকবালের এক সঙ্গীর নামে সেটি রেজিস্ট্রি হয়। ২০১৭ সালে এনিয়ে থানে পুলিসে অভিযোগ দায়ের হয়েছিল। ২০২২ সালের এপ্রিলে থানের ওই ফ্ল্যাটটি দখল করেছিল ইডি। সম্প্রতি সেটি বাজেয়াপ্ত করা হয় বলে জানা গিয়েছে।



