সংবাদদাতা, কাকদ্বীপ: পণের দাবিতে সদ্য বিবাহিতা এক অন্তঃসত্ত্বা বধূকে খুন করা হয়েছে। এমন অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করল ঢোলাহাট থানার পুলিস। শনিবার ভোরে ঢোলাহাট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হল মারুফ হোসেন গাজি ও রউফ গাজি। শনিবার কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে বিচারক দু’জনকে চারদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। শুক্রবার দুপুরে ঢোলাহাট থানার বেলুনি গ্রামে সদ্য বিবাহিতা ও অন্তঃসত্ত্বা বধূ ফারজানা খাতুনের মৃত্যু হয়। ওই বধূর পরিবারের অভিযোগ, স্বামী ও তাঁর শ্বশুরবাড়ির লোকজনেরা ফারজানাকে গলা টিপে শ্বাসরোধ করে খুন করেছে। এবিষয়ে বধূর স্বামী সহ পাঁচজনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে পুলিস তদন্তে নেমে দুইজনকে গ্রেপ্তার করেছে। স্বামী সহ বাকিদের খোঁজে তল্লাশি চলছে।



