নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পাণ্ডুয়ায় সরস্বতী পুজোর ভাসান নিয়ে গণ্ডগোলের ঘটনায় ধৃতদের রবিবার চুঁচুড়া আদালতে তোলা হয়েছিল। পুলিস এদিন ৪২ জনকে আদালতে পেশ করে। বিচারক সকলকেই ১২ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও পাণ্ডুয়ার নিয়াল ন’পাড়া গ্রাম রবিবারও কার্যত পুরুষশূন্য ছিল। গোটা গ্রাম ছিল থমথমে। প্রসঙ্গত, শনিবার সরস্বতী পুজোর শোভাযাত্রায় ডিজে বাজানো হচ্ছিল। তা রুখতে গিয়ে আক্রান্ত হন পুলিসকর্মীরা। এক অফিসার সহ তিন পুলিস কর্মী জখম হয়েছিলেন। জনতা-পুলিস খণ্ডযুদ্ধকে ঘিরে গোটা গ্রাম রণক্ষেত্র হয়ে ওঠে। পরে বিরাট পুলিস বাহিনী নিয়ে গিয়ে অভিযান চালায় পুলিস। বিকেল পর্যন্ত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে আরও ১২ জনকে পুলিস রাতে গ্রেপ্তার করে। এদিন সকলকেই আদালতে পেশ করা হয়েছিল।



