Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পানীয় জল নিয়ে গুচ্ছ ফোন, সমাধানের আশ্বাস গৌতমের

পানীয় জল নিয়ে গুচ্ছ ফোন, সমাধানের আশ্বাস গৌতমের
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা,  শিলিগুড়ি: শনিবার শিলিগুড়ি পুরসভার টক টু মেয়র ফোনইন লাইভ অনুষ্ঠানে পানীয় জলের সমস্যা নিয়ে একাধিক নাগরিকের ফোনকল পেলেন মেয়র। একটি নির্দিষ্ট এলাকা নয়, শহরের বিভিন্ন প্রান্ত থেকে নাগরিকরা জানালেন পানীয় জলের সমস্যার কথা। কারও অভিযোগ, দীর্ঘদিন ধরে পানীয় জল পাচ্ছেন না। কেউ বললেন, ১৫-২০ দিন ধরে এলাকায়  জল আসা বন্ধ। কয়েকজন বললেন, হঠাৎ হঠাৎ পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে যায়। কেউ বলেন, দেড় মাস ধরে আবেদন জানিয়েও জলের সংযোগ পাননি।
Advertisement
এরকম ফোনের মধ্য দিয়ে উঠে এল শিলিগুড়ি শহরের পানীয় জলের সামগ্রিক চিত্র। মেয়র গৌতম দেবও মেনে নিয়েছেন শহরের জলের সমস্যার কথা। তিনি বলেন, শহরের বিভিন্ন জায়গায় পানীয় জলের সমস্যা রয়েছে। গজলডোবা থেকে মেগা জলপ্রকল্প চালু হওয়ার আগে অবধি নাগরিকদের যাতে জলের সমস্যা না হয়, সেজন্য আমরা ১০ থেকে ১২টি  কূপ খনন করে পাম্পহাউস তৈরির সিদ্ধান্ত নিয়েছি। তারই কাজ চলছে।
পানীয় জলের এই সমস্যার একাধিক কারণ রয়েছে বলে জানান মেয়র। তিনি বলেন, কোথাও জলের পাইপলাইন পৌঁছয়নি। পাইপলাইন কোথায় নতুন করে বসাতে হবে, তার সার্ভে চলছে। অনেক জায়গায় ন্যাশনাল হাইওয়ে অথরিটির রাস্তার কাজের ফলে জল সরবরাহের মূল পাইপ ফেটে যাচ্ছে। তা ঠিক করে দেয়ার পরও আবার নতুন করে পাইপ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরকম নানা কারণে পানীয় জল সরবরাহে বিঘ্ন ঘটছে। 
এক প্রশ্নের উত্তরে মেয়র বলেন, শহরের পানীয় জল সরবরাহের ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা পাইপ লাইনের স্কেচ না থাকা। বামেরা এই প্রকল্প করে গিয়েছে। কিন্তু, পাইপলাইনের কোনও নকশা তারা রেখে যায়নি। নকশা না থাকার কারণে কোথায় পাইপ নেই বা কোথায় পাইপ কী অবস্থায় রয়েছে, তা খুঁজে বের করতে সমস্যা হচ্ছে।
এদিকে, শহরের বিভিন্ন জায়গায় পানীয় জল কী অবস্থায় রয়েছে, কোথায় নিয়মিত সরবরাহ হচ্ছে না সেই খবর মেয়রের কাছে ঠিকমতো পৌঁছচ্ছে না। এদিন আধিকারিকদের প্রত্যেকটি বরোকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন তিনি। পানীয় জলের সমস্যা সমাধানে যে কাজ চলছে, তা কি অবস্থায় রয়েছে তা নিয়ে মঙ্গলবার রিভিউ মিটিং ডাকা হয়েছে বলে মেয়র জানান।
Advertisement
সম্পর্কিত সংবাদ