রায়পুর: ছত্তিশগড়ে পঞ্চায়েত নির্বাচনের আগে খুন হলেন দুই প্রাক্তন গ্রামপ্রধান। রাজ্যের বিজাপুর জেলায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের তির মাওবাদীদের বিরুদ্ধে। মৃতরা হলেন, ভৈরামগড় ব্লকের বিজেপির কিষাণ মোর্চার সদস্য তথা প্রাক্তন গ্রামপ্রধান সুকলু পারসা ও কাদের গ্রামের প্রাক্তন গ্রামপ্রধান সুক্রম অবলাম। মাওবাদীদের ভৈরামগড় এরিয়া কমিটি এই খুনের দায় স্বীকার করেছে। মাওবাদীদের দাবি, পুলিসের চর হিসেবে কাজ করতেন তাঁরা। এমনকী, একটি পুলিস ক্যাম্প গঠনেও তাঁরা সাহায্য করেন। এই জন্য তাঁদের খুন করা হয়েছে। কয়েকদিন আগেই দু’জনকে অপহরণ করা হয়। সদ্য ওই গ্রামপ্রধানদের দেহ উদ্ধার হয়েছে। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।



