Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পুলিস অফিসারের গাড়িতে গাঁজা পাচার

পুলিস অফিসারের গাড়িতে গাঁজা পাচার
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: কথায় আছে রক্ষকই ভক্ষক। এক পুলিস আধিকারিকের ব্যক্তিগত গাড়ি থেকে গাঁজা উদ্ধারের ঘটনার পর সেই প্রবাদই যেন আরও একবার চর্চায় চলে এল। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিস লাইনে কর্মরত এএসআই পদমর্যাদার প্রণব মজুমদারের গাড়িতে গাঁজা পাচারের ঘটনা প্রকাশ্যে আসতেই এই প্রবাদ এখন সকলের মুখে মুখে ঘুরছে। দিন চারেক আগে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম এলাকায় পুলিস লেখা একটি গাড়ি আটক করা হয়। গাড়িতে চালক ছিল। ওই গাড়ি থেকে ২২০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিস। পুলিস লেখা গাড়ি থেকে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হওয়ায় আধিকারিকদের চক্ষু চড়কগাছ।
Advertisement
এরপর ওই গাড়ির মালিকের খোঁজ করতেই জানা যায়, এটি একসময় নিউ জলপাইগুড়ি থানায় কর্মরত এএসআই পদমর্যাদার পুলিস আধিকারিক প্রণব মজুমদারের। এখন তিনি শিলিগুড়ি পুলিস লাইনে কর্মরত। বিষয়টি জানার পর জিজ্ঞাসাবাদ করার জন্য মুর্শিদাবাদ জেলা পুলিসের তরফে তাঁকে ডেকে পাঠানো হয়েছে বলে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিস সূত্রে জানা গিয়েছে। ঘটনার সঙ্গে ওই আধিকারিক সরাসরি যুক্ত নাকি নিজেকে বাঁচাতে চালক মিথ্যা কথা বলছে, সমস্তটাই তদন্ত করে দেখছে পুলিস। 
এপ্রসঙ্গে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি(পূর্ব) রাকেশ সিং বলেন, আমরা জানতে পেরেছি ওই পুলিস আধিকারিকের গাড়িতে গাঁজা ধরা পড়েছে। তবে গাঁজা পাচারের সঙ্গে পুলিস আধিকারিক যুক্ত রয়েছে কি না তা পুলিস তদন্ত করে দেখছে। এর বেশি আর কিছু জানা নেই। 
পুলিস জানিয়েছে, মূলত রায়গঞ্জের বাসিন্দা প্রণববাবু দীর্ঘদিন ধরেই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের বিভিন্ন থানায় কর্মরত। এক বছর আগে তাঁকে পুলিস লাইনে ক্লোজ করা হয়। নিউ জলপাইগুড়ি থানার ভিতরের একটি স্টাফ কোয়ার্টারে তিনি থাকেন। মূলত বিভিন্ন ভিআইপি এসকর্ট দলে ডিউটি করেন তিনি। কয়েকদিন আগে তাঁর ব্যক্তিগত গাড়ি নিয়ে চালক মুর্শিদাবাদে যায়। সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে নবগ্রামে গাড়ি আটক করলে ভিতর থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়। গাঁজা উদ্ধারের ঘটনায় পুলিস চালককে গ্রেপ্তার করে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদ জেলা পুলিস।
বহরমপুরে ডেকে নিয়ে প্রণববাবুকে দীর্ঘক্ষণ জেরা করা হয়েছে বলে শিলিগুড়ি পুলিস সূত্রে জানা গিয়েছে। এই পাচারের কাজে তিনি আগে থেকেই যুক্ত ছিলেন কিনা তাও খতিয়ে দেখছে পুলিস। এএসআই পদমর্যাদার একজন পুলিস অফিসারের গাড়িতে গাঁজা উদ্ধারের ঘটনায় পুলিস মহলে জল্পনা ছড়িয়েছে। এনিয়ে চাপে রয়েছেন শিলিগুড়ি পুলিস কমিশনারেটের নীচুতলার কর্মীরা। ওই পুলিস আধিকারিককে বার কয়েক টেলিফোন  যোগাযোগ করা হলে তিনি প্র঩তিবারই ফোন কেটে দেন। তাঁর মোবাইলে মেসেজ পাঠালেও উত্তর মেলেনি।
Advertisement
সম্পর্কিত সংবাদ