নিজস্ব প্রতিনিধি, বারাসত: গাড়িতে বড় করে লেখা নর্থ পাইলট-৭। শনিবার গভীর রাতে পুলিসের এই গাড়ির ধাক্কায় ভাঙল একাধিক ইলেকট্রিক পোস্ট, গাছ। গাড়ির চালক মদ্যপ অবস্থায় থাকার জেরে বারাসতের হাটখোলায় এই ঘটনা ঘটে। পুলিস এসে গাড়ির চালককে আটক করে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যশোর রোড ধরে একটি পুলিস গাড়ি বারাসত ডাকবাংলো থেকে চাঁপাডালির দিকে আসছিল। হঠাৎ হাটখোলা এলাকায় ইলেকট্রিকের পোস্ট ও গাছে ধাক্কা দেয় গাড়িটি। বিষয়টি নজরে আসতেই এলাকার মানুষ বাইরে বেরিয়ে গাড়িচালককে আটক করেন। স্থানীয়রা বুঝতে পারেন, গাড়ির চালক আকণ্ঠ মদ্যপান করে রয়েছেন। পরে, বারাসত থানার পুলিস এসে গাড়ির চালককে মারমুখী জনতার কাছ থেকে উদ্ধার করে।



