মুম্বই: মহরমের মিছিলে বড়োসড়ো নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ। মুম্বইয়ের বাইকুল্লা এলাকায় বিষাক্ত ক্যাপসুল বিলির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম ফৈয়াজ প্রেমজি। মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে ক্যাপসুল বিলি করছিল অভিযুক্ত। ক্যাপসুল খাওয়ার পর বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। জানা গিয়েছে, ক্যাপসুলে জিঙ্ক ফসফাইড মেশানো হয়েছিল। এই রাসায়নিক সাধারণত ইঁদুর মারার বিষ হিসাবে ব্যবহৃত হয়। জেরায় ফৈয়াজ জানিয়েছে, কমপক্ষে ১৫ হাজার মানুষকে খুনের ছক কষেছিল সে। ইতিমধ্যে ধৃতকে দু’দিনের পুলিশ হেপাজতে পাঠিয়েছে আদালত। তদন্ত জারি রয়েছে।
সূত্রের খবর, শুক্রবার রে রোডের রেহমতাবাদ কবরস্থানের কাছে মহরমের মিছিলে ক্যাপসুল বিলি করছিল ফৈয়াজ। ক্যাপসুলগুলিকে ব্যথা কমানো ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ওষুধ হিসাবে দেওয়া হচ্ছিল। তা খাওয়ামাত্র কমপক্ষে ১১ জন অসুস্থ হয়ে পড়েন। তাঁদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে প্রত্যেকেই বিপন্মুক্ত বলে জানা গিয়েছে। ঘটনার দিন তিনজন মহিলা স্বেচ্ছাসেবীর তৎপরতায় বিপর্যয় এড়ানো সম্ভব হয়। তাঁদের মধ্যে একজন লক্ষ্য করেন, ফৈয়াজ অদ্ভূত ভঙ্গিতে ক্যাপসুল বিলি করছে। সঙ্গে সঙ্গে তাকে আটকে পুলিশে খবর দেন তিনি। একইসঙ্গে লাউডস্পিকারে মিছিলে অংশগ্রহণকারীদের ক্যাপসুল না খাওয়ার কথা ঘোষণা করা হয়। ফৈয়াজ প্রথমে দাবি করে, ক্যাপসুলগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ওষুধ। ক্যাপসুল খুলতেই ভিতরে গুঁড়ো জাতীয় পদার্থ দেখতে পান স্বেচ্ছাসেবীরা। তাতে সন্দেহ আরও বেড়ে যায়। কিছুক্ষণ পরেই ফৈয়াজকে গ্রেপ্তার করে পুলিশ। ডিসিপি জয়ন্ত মীনা জানান, অভিযুক্তের কাছ থেকে ১৪ হাজার ৯০০টি বিষ মিশ্রিত ক্যাপসুল বাজেয়াপ্ত করা হয়েছে। এর সঙ্গে ৩০ হাজার খালি ক্যাপসুল ও ৫০ কেজি ফসফোরাস অর্ডার দিয়েছিল ফৈয়াজ। জেরায় অভিযুক্ত জানিয়েছে, মিছিলে উপস্থিত প্রায় ১৫ হাজার মানুষকে খুনের ছক কষেছিল সে। তদন্তে জানা গিয়েছে, ১৫ দিন আগে পুনে থেকে ডোংরি চলে আসে অভিযুক্ত। ক্যাপসুল বিলির জন্য বেশ কয়েকজনকে নিযুক্ত করেছিল ফৈয়াজ। তাদের বলা হয়েছিল, এই কাজ অত্যন্ত পুণ্যের।