Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নতুন বাজার মার্কেট কমপ্লেক্সের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তরা

নতুন বাজার মার্কেট কমপ্লেক্সের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তরা
  • ১৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়ি নতুন বাজার মার্কেট কমপ্লেক্সের একটি দোকান থেকে ফের খসে পড়ল পলেস্তরা। দাবি উঠেছে, জলপাইগুড়ি জেলা পরিষদ নিয়মিত মার্কেটের রক্ষণাবেক্ষণ করুক। 

Advertisement

২০০৫ সালে ময়নাগুড়ি বাস স্ট্যান্ড ও শপিং কমপ্লেক্সের উদ্বোধন করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ব্যবসায়ীদের অভিযোগ, ঠিকমতো রক্ষণাবেক্ষণ না হওয়ায় বেহাল অবস্থা এই শপিং কমপ্লেক্সের। ভবনের একটি ব্লকে সিঁড়ি দিয়ে ছাদে ওঠার পথটি অত্যন্ত বিপজ্জনক হয়ে আছে। কয়েক জায়গায় পিলার থেকে পলেস্তরা খসে রড বেরিয়ে এসেছে। ব্যবসায়ীদের আশঙ্কা, যেকোনও সময় ছাদ থেকে চাঙড় খসে পড়ে ক্রেতা-বিক্রেতারা আহত হতে পারেন। এছাড়াও বৃষ্টির জল ছাদ চুঁইয়ে পড়ছে স্টলে। 
রবিবার একটি ওষুধের দোকানের কর্মী বিপ্লব সরকার বলেন, দোকান খুলেই দেখি ছাদ থেকে পলেস্তরা খসে পড়েছে। দিনেরবেলা হলে জখম হতাম। আরএক ব্যবসায়ী নূপুর দত্ত বলেন, শপিং কমপ্লেক্সের ছাদে ফাটল দেখা দিয়েছে। দেওয়ালগুলিতে ফাটল দেখা যাচ্ছে। খুব খারাপ অবস্থা। ভয়ে ভয়ে দোকান করছি। আমরা চাই, জেলা পরিষদ দ্রুত সংস্কার করুক মার্কেটের। 
নতুন বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক সিদ্ধার্থ সরকার বলেন, শপিং কমপ্লেক্সের এই সমস্যা নিয়ে এর আগেও জেলা পরিষদে জানানো হয়েছিল। আমরা জেলা পরিষদকে আবার জানাব, যাতে সমস্যা সমাধানে তারা উদ্যোগী হয়। 
জলপাইগুড়ি জেলা পরিষদের সহকারী সভাধিপতি সীমা চৌধুরী বলেন, ব্যবসায়ীদের কী সমস্যা রয়েছে সেটা পরিষদে এসে লিখিতভাবে জানালে অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করব। - নিজস্ব চিত্র। 

Advertisement
সম্পর্কিত সংবাদ