নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: প্রতিটি ওয়ার্ডে একটি করে কমিউনিটি হল তৈরির পরিকল্পনা করেছে চুঁচুড়া পুরসভা। বিভিন্ন উৎসব বা অনুষ্ঠানে কমিউনিটি হলের প্রয়োজন হয় নাগরিকদের। চুঁচুড়া শহরে সেই পরিকাঠামো এখনও গড়ে ওঠেনি। এ নিয়ে বাসিন্দাদের ক্ষোভ রয়েছে। বর্তমানে চুঁচুড়া শহরে কয়েকটি ওয়ার্ডে কমিউনিটি হল রয়েছে। তা দিয়েই গোটা শহরের চাহিদা মেটানো হচ্ছে। এই পরিস্থিতিতে সবক’টি ওয়ার্ডে অন্তত একটি করে কমিউনিটি হল তৈরির পরিকল্পনা করেছে পুরসভা। একারণে রাজ্য সরকারের কাছে সাহায্য চেয়ে প্রস্তাব পাঠিয়েছে পুরসভা। পুরকর্তাদের দাবি, এ বিষয়ে রাজ্য মৌখিকভাবে সবুজ সঙ্কেত দিয়েছে।
চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায় বলেন, শহরের প্রতিটি ওয়ার্ডে একটি করে কমিউনিটি হল থাকা জরুরি। এ নিয়ে নাগরিকরা বহুবার দাবি জানিয়েছে। বিশেষত নিম্ন আয়ের মানুষদের জন্য এই ধরনের হল খুবই কার্যকরী ভূমিকা পালন করে। যে সমস্ত ওয়ার্ডে কম্যুনিটি হল নেই, সেখানে ওই পরিকাঠামো গড়া হবে। এনিয়ে পুরসভার নিজস্ব বৈঠকে পরিকল্পনা অনুমোদন করে নেওয়া হয়েছে। বিষয়টি রাজ্য সরকারকে জানিয়ে আমরা আর্থিক সাহায্যও চেয়েছি। পুরসভা ও রাজ্য সরকারের সার্বিক উদ্যোগে এই কাজ হলে আমরা একসঙ্গেই সবগুলি কমিউনিটি হল গড়তে পারব। এনিয়ে পুরসভার সিআইসি সদস্য জয়দেব অধিকারী বলেন, শুধু উৎসব-অনুষ্ঠান নয়, কমিউনিটি তৈরি হলে আরও সুবিধা হবে। পরিষেবা দেওয়ার ক্ষেত্রে পুরসভাও এই পরিকাঠামো ব্যবহার করতে পারবে। কমিউনিটি হল তৈরি হলে সেখানে পুরসভা অস্থায়ী স্বাস্থ্য শিবির ছাড়াও অন্যান্য ক্যাম্প করতে পারবে।
চুঁচুড়া পুরসভায় মোট ৩০টি ওয়ার্ড আছে। সূত্রের খবর, বর্তমানে ১৯টি ওয়ার্ডে কমিউনিটি হল রয়েছে। পুরকর্তাদের দাবি, এক একটি ওয়ার্ডে বিপুল জনবসতি আছে। তাই একটি করে কমিউনিটি হল বাসিন্দাদের প্রয়োজন মেটাতে পারে না। বিশেষ করে উৎসব বা বিয়ের মরশুমে চাহিদা মেটানো কঠিন হয়ে দাঁড়ায়। কিছু ওয়ার্ড রয়েছে, যেখানে একটিও এমন হল নেই। তাই সেইসব ওয়ার্ডের চাহিদা মেটানোর পর পরবর্তীকালে ওয়ার্ডগুলিতে দ্বিতীয় কমিউনিটি হল গড়া যেতে পারে। সেই পরিকল্পনাও পুরসভার রয়েছে। ইতিমধ্যেই পাঁচটি কমিউনিটি হল তৈরির জন্য জায়গা চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। বাকি ওয়ার্ডগুলিতেও জমি খোঁজা চলছে।