নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পকসো আইনে মামলা দায়ের না করে, অপেক্ষাকৃত লঘু ধারায় মামলা দায়ের করার অভিযোগ ওঠেছিল পার্ক স্ট্রিট থানার এসআই মণ্ডন মিশ্রের বিরুদ্ধে। অভিযোগ ওঠা মাত্রই ওই এসআইকে সাসেপন্ড করেছে কলকাতা পুলিস। পাশাপাশি ওই এসআইয়ের বিরুদ্ধে ইতিমধ্যে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে, এই ঘটনায় সংশ্লিষ্ট থানার ‘অ্যান্টি রাউডি অফিসার’কে অন্য থানায় বদলি করা হয়েছে। লালবাজার সূত্রে এই খবর জানা গিয়েছে। আর জি কর বিতর্কের মধ্যে কলকাতার পুলিস কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রত্যেকটি মাসিক ক্রাইম কনফারেন্সে সিপি মনোজ ভার্মা মহিলাঘটিত অপরাধের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতির কথা ঘোষণা করেন। কিন্তু সিপির সেই নির্দেশ অমান্য করায়, শাস্তির খাঁড়া নেমে এল পার্ক স্ট্রিট থানার তদন্তকারী অফিসারের বিরুদ্ধে।
Advertisement
লালবাজার সূত্রে জানা গিয়েছে, পার্ক স্ট্রিট থানা এলাকায় সম্প্রতি দু’দলের বিবাদ চলাকালে এক নাবালিকাকে ‘যৌন হেনস্থা’ করা হয় বলে অভিযোগ। নাবালিকার পরিবার পার্ক স্ট্রিট থানায় যথাযথ অভিযোগ দায়ের করা সত্ত্বেও, পকসো আইনের ধারায় মামলা দায়ের করেননি অভিযুক্ত এসআই মণ্ডন মিশ্র। পাশাপাশি অভিযুক্ত হাতের নাগালের মধ্যে উপস্থিত থাকা সত্বেও, তাকে গ্রেপ্তার করেননি পার্ক স্ট্রিট থানার অ্যান্টি রাউডি অফিসার। বিষয়টি কলকাতা পুলিসের শীর্ষকর্তাদের নজরে এলে তড়িঘড়ি পার্ক স্ট্রিট থানার ‘অ্যান্টি রাউডি অফিসার’কে চারু মার্কেট থানায় বদলি করা হয়েছে। পাশাপাশি তদন্তকারী এসআই মণ্ডন মিশ্রকে সাসপেন্ড করা হয়েছে। কলকাতা পুলিসের এক সূত্র জানাচ্ছেন,‘ইতিমধ্যেই আদালতে অনুমতির ভিত্তিতে মামলাটিতে নতুন করে পকসো ধারা যোগ করা হয়েছে।’



