সংবাদদাতা, তুফানগঞ্জ: তুফানগঞ্জ থেকে অসমগামী দ্রুত গতির পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। বুধবার ঘটনাটি ঘটেছে বক্সিরহাট থানার বারোকোদালি-১ গ্রাম পঞ্চায়েতের তারাগঞ্জ জিঙ্গাপুনিতে। পুলিস জানিয়েছে, মৃতার নাম কাঞ্চনবালা বর্মন (৫৫)। তার বাড়ি সংশ্লিষ্ট এলাকায়। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পিকভ্যান চালকের গ্রেপ্তারের দাবিতে ১৭ নম্বর জাতীয় সড়কে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখান গ্রামবাসী। প্রায় ত্রিশ মিনিট ধরে চলা অবরোধে যানজট বাঁধে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিস। সাধারণ মানুষ পুলিসকে ঘিরে বিক্ষোভ দেখান। যদিও পরবর্তীতে পুলিসের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
Advertisement
বিক্ষোভকারী সমীর সরকার, বাবলু সরকার বলেন, নাতনিকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রেখে ফুটপাত দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন কাঞ্চনবালা বর্মন। সেই সময় দুটি গাড়ির রেষারেষিতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপভ্যানটি সজোরে ধাক্কা মারে তাঁকে। রাস্তা থেকে বেশ কিছুটা দূরে ছিটকে পড়েন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। প্রতিনিয়ত ইটবোঝাই গাড়িগুলো বেপরোয়াভাবে জাতীয় সড়ক ধরে ছুটছে। অথচ পুলিস এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না। যে কারণে দুর্ঘটনা বেড়েই চলেছে। জাতীয় সড়কে যানচলাচল নিয়ন্ত্রণ এবং চালকের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে আমরা বিক্ষোভে শামিল হয়েছি। পুলিস জানিয়েছে, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার মেডিক্যালে পাঠানো হয়েছে। ঘাতক গাড়ির খোঁজে শুরু হয়েছে তল্লাশি। রাস্তায় গতি নিয়ন্ত্রণে নজরদারি চলছে।
সাধারণ মানুষ চাইছেন, এই সড়কে ট্র্যাফিক নজরদারি বাড়ানো হোক। না হলে এই ধরনের ঘটনা রোখা যাবে না।
সাধারণ মানুষ চাইছেন, এই সড়কে ট্র্যাফিক নজরদারি বাড়ানো হোক। না হলে এই ধরনের ঘটনা রোখা যাবে না।



