করাচি: চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের অনিশ্চয়তা কাটাতে বদ্ধপরিকর পাকিস্তান ক্রিকেট বোর্ড। শনিবার জরুরি ভিত্তিতে এমিরেটস ক্রিকেট বোর্ডের প্রধান মুবাশির উসমানির সঙ্গে বৈঠক করলেন মহসিন নাকভি। পিসিবি চেয়ারম্যান মূলত একটি হাইব্রিড মডেল নিয়ে আলোচনা করেন। পাকিস্তানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে মুবাশিরকে বিশদে জানানো হয়। পাক ক্রিকেট বোর্ডের তরফ থেকে বলা হয়েছে, তাদের সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। অংশগ্রহণকারী প্রতিটি দলকে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে। আসলে মুবাশির আইসিসি’র বিশেষ কমিটির চেয়ারম্যান। তাই তাঁর সৌজন্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফরমান আদায় করতে মরিয়া পাক বোর্ড। উল্লেখ্য, শুক্রবারই আইসিসি’র তরফ থেকে জানানো হয়েছিল, পিসিবি যদি হাইব্রিড মডেল গ্রহণ অথবা বিকল্প পন্থা অবলম্বন না করে তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু বদল হতে পারে।



