Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পিজির সামনে দুই ভাইকে চপারের এলোপাথারি কোপ

পিজির সামনে দুই ভাইকে চপারের এলোপাথারি কোপ
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তিন লক্ষ টাকা তোলা না দিলে নিউ মার্কেটের ফুটপাতে ডালা বসানো যাবে না। এই ইস্যুকে কেন্দ্র করে রক্তারক্তি কাণ্ড ঘটল প্রকাশ্য রাস্তায়। ডালা ‘দখল’কে কেন্দ্র করে পিজির সামনে দুই হকারকে এলোপাথারি কোপাল দুষ্কৃতীরা। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি দুই যুবক। আহতদের নাম মনুকুমার সিং ও রামানুজ সিং। তাঁরা দু’জনে সম্পর্কে ভাই। খুনের চেষ্টার অভিযোগে পার্ক সার্কাস এলাকা থেকে দুই যুবককে গ্রেপ্তার করেছে ভবানীপুর থানার পুলিস। ধৃতরা হল মহম্মদ জাভেদ (৩০) ও মহম্মদ তাবরেজ (২১)। এই ঘটনায় আরও পাঁচ-ছ’জন অভিযুক্ত ফেরার। তাদের খোঁজ করছে পুলিস। 
Advertisement
পুলিস সূত্রে খবর, মনু ও রামানুজের নিউ মার্কেটে একটি স্টল রয়েছে। সেখানে জামাকাপড়ের ব্যবসা করেন তাঁরা। সম্প্রতি পাশের একটি ডালা নিয়ে জায়গা বাড়ানোর চেষ্টা করছিলেন দুই ভাই। সেখানেই ঝামেলার সূত্রপাত। অভিযোগকারীদের দাবি, কয়েকজন স্থানীয় ‘দাদা’ এসে তাঁদের থেকে মোটা টাকা দাবি করে। সেই টাকা দিতে অস্বীকার করেন দুই ভাই। এরপরেই তাঁদের প্রাণে মারার হুমকি দেয় ‘দাদারা’। শনিবার রাত ১২টা নাগাদ বাড়ি ফিরছিলেন মনু ও রামানুজ। পিজি হাসপাতালের ইমার্জেন্সি গেটের উল্টোদিকের ফুটপাতে একটি কেকের দোকানের সামনে আচমকা তাঁদের ঘিরে ধরে ছ’-সাতজন যুবক। এরপর চপার দিয়ে এলোপাথারি কোপাতে শুরু করে। ঘটনাস্থলেই রক্তাক্ত হয়ে আর্তনাদ শুরু করেন দুই ভাই। আশপাশ থেকে লোকজন ছুটে আসতে শুরু করলে বাইক নিয়ে পালায় দুষ্কৃতীরা। 
খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভবানীপুর থানার পুলিস। জখম অবস্থায় ধৃতদের উদ্ধার করে পিজির ট্রমা কেয়ারে ভর্তি করা হয়। তদন্তকারীদের দাবি, আহতদের হাত ও বুকে গভীর ক্ষত রয়েছে। তাঁদের পরিবারকে খবর দেয় পুলিস। পরিবারের তরফে ভবানীপুর থানায় খুনের চেষ্টার মামলা রুজু  করা হয়। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিস। ফেরার অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। অন্যদিকে, ধৃত দুই দুষ্কৃতীকে এদিন আদালতে পেশ করা হলে বিচারক ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের পুলিস হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ